মাদারীপুরের ডাসার উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই)প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪ উপজেলায় এই নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।দেশের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হয়।
এরই অংশ হিসেবে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও সুধীজন ভার্চুয়ালি প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


