শরীয়তপুর প্রতিনিধি ॥ স্থানীয় এমপি নাহিম রাজ্জাককে অতিথি না করায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চর পাতালিয়া গ্রামের মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পন্ড করার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১২ টার দিকে অনুষ্ঠান চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠান বন্ধ করে দেয়।
বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি রাখা হয়েছিল পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও দ্বিতীয় দিন প্রধান অতিথি রাখা হয়েছিল জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারকে।
শুক্রবার অনুষ্ঠান শুরুর দিন প্রধান অতিথি পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন না আসায় বিদ্যালয়ের সভাপতি প্রফেসর ওমর নূর মোস্তফা মীর সকাল সাড়ে ৮টায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বেলা ১১টার দিকে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি সহ নেতাকর্মীরা এসে ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দেন।
খবর পেয়ে বেলা ১২টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানের স্টেজ এবং প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। এর আগেই অনুষ্ঠান স্থল ছেড়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা চলে গেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হোসেন, তাকিব মীর, প্রাক্তন ছাত্র সুমন সহ স্থানীয়রা জানান, ক্রীড়া অনুষ্ঠানের প্রতিযোগীতা চলাচালে স্থানীয় এমপি নাহিম রাজ্জাককে অতিথি না করায় বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
বিদ্যালয়ের সভাপতি প্রফেসর ওমর নূর মোস্তফা মীর বলেন, পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কথামতো শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কি কারণে তারা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সেটা বলতে চাই না।
স্কুলের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি সহ নেতাকর্মীরা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। কি কারণে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে তা বলা যাবে না। উপরের চাপ আছে।
ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবলু শিকদার মোবাইল ফোনে জানান, ওখানে স্থানীয় ভাবে একটু সমস্যা হয়েছিলো। আমরা বিষয়টি সমাধান করেছি।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা ও বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।



