এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাজার খোলা মোড় সন্নিকটে বাস চালকের সাবধানতায় বেঁচে গেল সাধারন যাত্রীদের প্রান। তবে এসময় আহত হয়েছে ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, খুলনা থেকে সাতক্ষীরা অভিমূখে ছেড়ে (সাতক্ষীরা মেট্রো জ-১১-০১১৬) যাত্রী বাহী বাসটি গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সামনের বাম পাশের চাকা পানচার হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এসময় বাসের চালক কৌশলে যাত্রীদের প্রান রক্ষার্থে কিছুটা গতিরোধ করে কুমিরা বাজার খোলা নামকস্থানের মহাসড়কের পাশে একটি গাছে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেয়। এসময় প্রায় ২০ জন যাত্রী আহত হয়। তবে অতিদ্রুততার সাথে আহতদের সাতক্ষীরাসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
আহতরা হলেন, কালীগঞ্জ থানার মৌতলার মৃত কাজী মাহাফুজুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৫০), আব্দুস সালামের স্ত্রী সেলিনা বেগম (৪০), গৌবিন্দকাটী গ্রাামের পীর আলীর পুত্র রুহুল আমিন (৩০), সাতক্ষীরা সরকারী কলেজ মোড়ের খাদিজা খাতুন (৫০), শাহিনুর রহমান (৪২) এর নাম ঠিকানা জানা যায়। এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


