বেলারুশ বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায়

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :  বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি (Andrei I. Rzheussky) এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরি জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা করতে চায়। বেলারুশের রাষ্ট্রদূত এ সময় ভারী কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশি শ্রমিক এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদানেও তাঁর আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, দু’পক্ষ একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে পারে। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরো বাড়াতে ইচ্ছুক। বাংলাদেশকে একটি কৃষিভিত্তিক দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যান্ত্রিক কৃষিকে আরো বেশি রপ্ত করতে হবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বেলারুশ দূতাবাসের ৩য় সচিব অ্যান্ড্রে মিসুয়ারা এবং বেলারুশের কনসাল অনিরুদ্ধ কুমার রায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।