বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ এমপি পিনু খানের পুত্র বখতিয়ার আলম রনির জোড়া খুনের মামলায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ আগামী ৫ অক্টোবর ধার্য করেছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আবু সালেহ উদ্দিন এদিন রাষ্ট্রপক্ষ আদালতে কোন সাক্ষী হাজির করতে না পারায় নতুন তারিখ ঠিক করেন। এর আগে মামলাটিতে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। শুনানীকালে আসামী বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে আসামীর অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জ গঠন করেন। মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিনদফা দশ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালত কারাগারে পাঠান নির্দেশ দেন। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামী করে রমনা থানায় ১৫ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন। গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।




