বারির ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ও গবেষক মো. শোয়েব হাসান বলেন, প্রতিবছরই ছোলা চাষ ও উৎপাদন কমে যাচ্ছে। সময়সাপেক্ষ ও বিভিন্ন রোগের আক্রমণের কারণে ছোলা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। তিনি জানান, কৃষকরা এখন হিসাব করেন জমি থেকে কত দ্রুত ফসল ঘরে তুলতে পারেন। এ কারণে চাষিরা স্বল্পমেয়াদী ফসল, বিশেষ করে সবজি চাষের দিকে বেশি ঝুঁকছেন। যদি স্বল্পমেয়াদি জাতের ছোলা চাষ করা যেতো তাহলে ভালো হতো। কিন্তু স্বল্পমেয়াদি ছোলা চাষে ফলন কম হয়।এছাড়া কিছু রোগ ও ছোলার ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি দেখা দেয়। এখান থেকেও কৃষকরা আগ্রহ হারাচ্ছেন। সব মিলিয়ে কমে যাচ্ছে ছোলা চাষ।
বারি সূত্র জানায়, চার মাস মেয়াদি ছোলা চাষ শুরু হবে আর কয়েকদিন পর থেকেই। প্রায় নয় জাতের ছোলা চাষাবাদ হয় আমাদের দেশে। রাজশাহী, যশোর, নাটোর, ঈশ্বরদীসহ কয়েকটি অঞ্চলে ছোলা চাষ বেশি হয়।
গবেষকরা মনে করছেন, দেশে ছোলা চাষ বাড়াতে নতুন অঞ্চল বাড়াতে হবে। একইসঙ্গে কাজ করতে হবে স্বল্পমেয়াদী জাত নিয়েও। এছাড়া যেসব এলাকায় পতিত জমি আছে সেসব এলাকায় ছোলা চাষ নিয়ে কাজ করার সুযোগ আছে। যেমন কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় এক থেকে দুই ফসলি জমি বেশি রয়েছে। এসব জমিতে ছোলা চাষ করা যায়। প্রায় ১৫ বছর ধরে ছোলা চাষ করছেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রিশিকুল ইউনিয়নের চাষি মাসুদুল হক। তিনি বলেন, এক সময় আমাদের বরেন্দ্র অঞ্চলে অনেক বেশি ছোলার চাষ হতো। কিন্তু এখন গভীর নলকূপের সুবিধা পাওয়ায় অনেকেই ধান চাষের দিকে ঝুঁকছে। ফলে কমছে ছোলা চাষ।
এই চাষি আরও জানান, ছোলা চাষ করতে গিয়ে অনেক রোগ বালাইয়েরও আক্রমণে পড়তে হচ্ছে আমাদের। গাছ শুকিয়ে মারা যাচ্ছে। আর খুব বেশি লাভজনকও হচ্ছেও না। খরচের তুলনায় দামও খুব বেশি বাড়েনি। তবে রোজার মৌসুমে আবার ছোলার দাম বেশি পাওয়া যায়।