হেলাল আহমদ, ছাতকঃ শিল্প শহর ছাতক উপজেলার প্রবাসী অধ্যুষিত অঞ্চল ৭নং সিংচাপইড় ইউনিয়ন। ২১টি গ্রাম, ৯টি ওয়ার্ড ও প্রায় ১৫ হাজার ভোটার অধুষ্যিত এ ইউনিয়ন দক্ষিণ ছাতকের রাজধানী হিসেবে খ্যাত। সম্প্রতি নানা অভিযোগে এ ইউনিয়নের কর্ণধার ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল বরখাস্ত হলে এখানে শূন্য পদে উপ-নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। গত ২৩ জানুয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ জানুয়ারী থেকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারী অফিস চলাকালীন সময় পর্যন্ত। ৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্রযাচাই-বাচাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ইতোমধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে রয়েছেন আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত লন্ডন মহানগর আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রবাসী আশিকুল ইসলাম আশিক। বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, আফজাল হোসেন সেবুল, আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, আবদুর রহমান, মনজু আহমদ, আলহাজ্ব আজহর আলী ও প্রবাসী আবদুল মালিক।
এদিকে, মনোনয়ন দাখিলের পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশিকুল ইসলাম আশিক নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখানে আশিকুল ইসলাম আশিক আরো একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে পরাজিত হয়েছেন। অপর ৮প্রার্থী মোজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, আবদুর রহমান, মনজু আহমদ, আফজাল হোসেন সেবুল, আলহাজ্ব আজহর আলী ও প্রবাসী আবদুল মালিক নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে মুর্শেদ চৌধুরী ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওইসময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোজাহিদ আলী। মোজাহিদ আলী ২০১৬ সালের নির্বাচনেও বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন।
স্থানীয়রা জানান, মনোনয়নপত্র দাখিলের পর থেকে এখানকার চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব কর্মী-সমর্থকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি ভোট ও সমর্থন আদায়ে দলবেঁধে মাঠ চষে বেড়ানোর ফলে পুরো ইউনিয়নজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। এমনকি এখানকার পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে-বিপক্ষে আলোচনায় ছড়ানো উত্তাপ দেখলে যে কারো মনে হবে এখানে নির্বাচন পুরোদমে জমে উঠেছে। শেষ পর্যন্ত এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা।