রাজিব শর্মা, চট্টগ্রামঃ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় হাতাহাতির জেরে আনোয়ারায় উত্তেজনার মধ্যে হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন অনুসারী ২৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা মিলিয়ে ৫০/৬০জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর পর রাতেই পুলিশ সাতজনকে আটক করেছে।
আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হান্নান মজুমদার বাদী হয়ে থানায় মামলাটি করেন।
সূত্র জানায়, শুক্রবার রাতে ভূমি প্রতিমন্ত্রীর বাসায় উপজেলার হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিনের সাথে তাঁর
বিরোধীদের হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে হাইলধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাইলধরে আনোয়ারা থানা পুলিশের একটি দল গেলে তাদের উপর হামলা করা হয়েছে দাবী করে শনিবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি করে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই শুক্রবার রাতে শহরে উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনের সাথে তার প্রতিপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পরে চেয়ারম্যানের লোকেরা প্রতিপক্ষকে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জেনে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের একটি দল উপজেলার হাইলধরের চৌমুহনী বাজারে পৌঁছে। ওই সময় পুলিশের উপর অতর্কিত হামলা করে কয়েকজন।
এসময় আনোয়ারা থানার এএসআই মো. হান্নান মজুমদার, আনছার রৌশন আলী, সিএনজি চালক মো. সিরাজ, কনস্টেবল মো. কামরুল ইসলাম আহত হন। পরে শনিবার রাতে ২৮ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনের নামে থানায় মামলা করেছেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হান্নান মজুমদার।
এদিকে, মামলার পর পরই রাতে পুলিশ অভিযান চালিয়ে সাতজন আসামীকে আটক করে। মামলার আসামী ও আটকেরা সবাই নাজিম উদ্দিনের অনুসারী। বর্তমানে এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
মামলার বাদী ও থানার এস আই মো. হান্নান মজুমদার বলেন, আমরা রাত ১১টায় হাইলধর চৌমুহনী এলাকায় পৌছুলে আমাদের উপর হামলা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।