মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাংনী উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (৪ মে) সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার আনন্দবাস গ্রামের জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম (৫১), মেহেরপুর পৌর এলাকার আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমঝুপি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব উল আলম (৫৫), বড় গ্রামের আব্দুল খালেক (৬৫), শালদহ গ্রামের মহিবুল ইসলাম (৫০), আনন্দবাস গ্রামের আব্দুর রহিম (৫০), বেড় গ্রামের হাসেম আলী (৬৫) ও চাঁদবীল গ্রামের নাসির উদ্দীন (৫০)। গাংনী থানার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, জামায়াতের এসব নেতা-কর্মী আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে সরকার বিরোধী বৈঠক করছিলো। এছাড়া নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়।
আটক জামায়াতের নেতা-কর্মীদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় দায়েরকৃত গাংনী থানার ০৫/২৩, তারিখ, ০৪/০২/১৮ ইং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তদন্ত অফিসার সাজেদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের মধ্যে রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, কোরআন পাঠের নিয়মিত কর্মসুচী হিসেবে ওই বাড়িতে গিয়েছিলাম। পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের আটক করেছে।



