ক্রীড়া ডেস্ক: এল সালভাদর জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আলফ্রেডো পাচেকো অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন । স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
সালভাদরের সান্তা আনা শহরের একটি পেট্রোল স্টেশনে পাচেকোসহ তার কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এমন সময়েই তাদের ওপর এলোপাতারি গুলি ছোড়ে অজ্ঞাত এক বন্দুকধারী।
আর এই হামলায় নিহত হন ৩৩ বছর বয়সি পাচেকো। হামলায় তার আরো দুই বন্ধু আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মধ্য আমেরিকার দেশ সালভাদরের রক্ষণভাগের খেলোয়াড় পাচেকো দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (৮৬) খেলেছেন। ক্লাব ফুটবলে মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক বুলসের হয়েও খেলেছেন। তবে ২০১৩ সালে ম্যাচ পাতানোর দায়ে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন তিনি।




