গণতন্ত্রের সংকটকে আরও ঘণীভূত করতে সরকার রক্তাক্ত অনাচার অব্যাহত রেখেছে

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ ক্ষমতাকে আঁকড়ে রাখতে সংলাপের আহ্বান নাকচ করে সরকার গুম, খুন, গুপ্তহত্যা ও গ্রেপ্তারকে একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে।

বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপিসহ দেশের গণতান্ত্রকামী রাজনৈতিক দল, দেশবরেণ্যে ব্যক্তি ও সুশীল সমাজের বারবার আহ্বান সত্বেও ভোটারবিহীন এই সরকার গণতন্ত্রের পথ মসৃণ করছে না। সরকার বিরোধী দলের টুঁটি চেপে ধরে রাখার জন্য আপোষের সোজা পথে হাঁটতে অস্বীকার করে দেশকে উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গণতন্ত্রের সংকটকে আরও ঘণীভূত করতে সরকার রক্তাক্ত অনাচার অব্যাহত রেখেছে। এই অবৈধ সরকারের কাছে শান্তির বাণী ব্যর্থ পরিহাস সমতুল্য’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ এবং গাজীপুর সদর থানা যুবদলের সদস্য মনির হোসেনকে ক্রস ফায়ারে হত্যার অভিযোগ করে এর নিন্দা জানান রিজভী।

মিথ্যাচারের উপর বসে থাকা সরকার সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানকেও নিজেদের মতো করে সাজিয়ে রেখে জনগণের সঙ্গে তামাশা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে এমন দাবি করে রিজভী বলেন, ‘পৌর নির্বাচনে যে সহিংস ভোট ডাকাতির চিত্র মানুষ দেখেছে সেটিকে উড়িয়ে দিয়ে সরকার বলেছে যে, এই ভোটে নাকি ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটারবিহীন বর্তমান সরকার ভোট চোর। আর তাদের সহায়তাকারী নির্বাচন কমিশন হচ্ছে পরিসংখ্যান চোর’।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সন্ত্রাস, সংঘাত, সহিংসতা সৃষ্টিকারী এই সরকার কখনোই গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান কান পেতে শুনবে বলে মনে হয় না। নিজেদের ক্ষমতাকে জোর করে আঁকড়ে রাখতে এমন কোনো নোংরামি কাজ নেই যা করতে তারা বাদ রাখবে। আর সেই জন্যই তারা গ্রেপ্তার আর ক্রসফায়ার অব্যাহত রেখেছে।

মির্জা আব্বাসের মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবি করেন রিজভী। এছাড়া মঙ্গলবারের গণতন্ত্র হত্যা দিবসের জনসভা সফল করায় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।