দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সংস্কার ও প্রক্রিয়া সহজ করার কাজ করছে।
তিনি আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের প্রস্তাবও আলোচনায় উঠে আসে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির অবদান এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার বিষয়ে তিনি প্রতিষ্ঠানটির গভর্নরকে অনুরোধ জানান। জবাবে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন আমাকাওয়া কাজুহিকো।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





