যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সারা দেশের মতো খুলনায় পবিত্র ঈদুল আজহা উদ&যাপিত হয়েছে।
দিবসটি উদ&যাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারকখচিত ব্যানারে সজ্জিত করা হয়।
মহানগরী খুলনায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে সকাল আটটায়। জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব আলহাজ্ব মাওলানা আবু দাউদ। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।




