কৃষিকে লাভজনক করতে ভালো বীজ ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :  কৃষিকে লাভজনক করতে ভালো বীজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচও কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে বীজ বিরাট ভূমিকা রাখতে পারে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন ভালো মানের বীজ ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষি যদি উন্নত ও আধুনিক হয়, কৃষি কাজ করে যদি চাষিরা লাভবান হয় এবং কৃষিকে যদি বাণিজ্যিকীকরণ করতে পারি তাহলে কৃষি মূল জীবিকা হিসেবে বাংলাদেশে চিরদিনই থাকবে।

মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জাতীয় বীজ মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী বোরো মৌসুম থেকে কৃষক যেন ধানের ন্যায্যমূল্য পায় সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই পূর্বাচলে দুই একর জমির ওপরে আধুনিক ল্যাবরেটরি এবং শাক-সবজি প্রসেসিং জোন করা হবে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা যে কোনো সবজির মান পরীক্ষা করা যাবে এবং সাথে সাথেই সবজি বাজারজাতকরণ সার্টিফিকেট দেওয়া যাবে। এতে করে কৃষকের ভোগান্তি কমবে।

‘খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী জাতীয় বীজ মেলা শুরু হয়েছে। তৃতীয় বারের মতো জাতীয় বীজ মেলায় ১১টি সরকারি ও ২২টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৬২টি স্টল রয়েছে। এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়।

মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে মন্ত্রী বিএআরসি অডিটেরিয়ামে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।