ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৫ মার্চ’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই ও রূপসা পরিবহন নামের দুইটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেপরোয়া গতিতে গাড়ী চালানো ও ছাদে যাত্রী বহনের অভিযোগে রোববার দুপুরে শহরের বেজপাড়া তেল পাম্পের কাছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, ঝিনাইদহ-যশোর সড়কের উপর দিয়ে গড়াই ও রূপসা পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করে। সেই সাথে ওভার লোডিং ও ছাদে যাত্রী নেয়ারও অহরহ অভিযোগ রয়েছে পরিবহন ২ টির বিরুদ্ধে। রোববার দুপুরে শহরের বেজপাড়া তেলপাম্পের কাছে ভ্রাম্যমান আদালত বসানো হয়। সেখানে অতিরিক্ত গতিতে বাস চালানো এবং ছাদের উপর যাত্রী নেয়ার অভিযোগে একটি গড়াই ও একটি রূপসা পরিবহনসহ মোট ২ টি বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ছাদেকুর রহমান জানান, দ্রুত গতিতে গাড়ী চালানো ও ছাদে যাত্রী বহনের অভিযোগে রূপসা ও গড়াই পরিবহন নামের দুই বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতে এ অভিযান অব্যাহত থাকবে।





