কালীগঞ্জের সাত শিশু শিক্ষার্থীর অভিভাবক সমাপনী পরীক্ষার ফল না পেয়ে হতাশ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৩ জানুয়ারি’২০১৮:  ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত কালীগঞ্জ কোয়ালিটি (ইংলিশ মিডিয়াম) স্কুলের সাত শিশু শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তার ফলাফল না পেয়ে কান্নাকাটি করছে। তাদের অভিভাবকরাও হতাশ হয়ে পড়েছেন। সাত শিশুর কেন এই অবস্থা তার কোনো সঠিক উত্তর পাচ্ছেন না তারা। ফল না আসায় শিশুরা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিও হতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার শিশুসহ অন্য সাত শিশু কালীগঞ্জ কোয়ালিটি স্কুল থেকে এবার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়। স্কুলটি থেকে গত চার বছর শিশুরা পরীক্ষায় অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার অংশ নেয় তাজদিকুল ইসলাম (রোল-৪০৩২), আলিফ আহমেদ (রোল-৪০৩০), তামিম ইকবাল (রোল-৪০৩১), শেখ শাদিদ আহম্মদ (রোল-৪০২৯), মিশুরা আক্তার (রোল- ৪০৩৫), আফরিন সুলতানা (রোল- ৪০৩৩) ও লামিয়া জামান (রোল- ৪০৩৪)। এরা সবাই ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিত। শনিবার সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হলে অভিভাবকরা অনলাইনে খুঁজতে গিয়ে ফলাফল খুঁজে না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছে।

শেখ শাদিদ আহম্মদের বাবা শাহিনুর আলম জানান, পাঁচ বছর পড়ালেখা করে বাচ্চারা পরীক্ষা দিয়েছে। তারা জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের দিন বন্ধুরা মিলে ফল নিতে এসে সবাই ফল পেয়েছে। কিন্তু সাত শিশু কেন ফল পেল না তার কারণ তিনি বুঝে উঠতে পারছেন না। কান্নাকাটি করায় কোনোভাবেই ছেলেকে সামলাতে পারছিনা।

নাম প্রকাশ না করে অপর অভিভাবক জানান, ফল পাওয়া শিক্ষার্থীরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু এই সাত শিশুর ফল না আসায় তারা ভর্তি হতে পারছে না। তিনি জানান, প্রাথমিক শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার কাছে তারা ধরনা দিয়েছেন। ফল পাওয়া যাবে বলে জানিয়ে তারা অপেক্ষা করতে বলেছেন।

কালীগঞ্জ কোয়ালিটি স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, কেন এটা হলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। বাচ্চারা ফল না পেয়ে হতাশ হচ্ছে। তবে শিক্ষা অফিসার কথা দিয়েছেন শিশুরা দ্রুত ফল পেয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।