বিনোদন ডেস্ক: মুখ্যমন্ত্রী রমন সিংহের বলিউড স্টার কারিনার সাথে সেলফি তোলানিয়ে সেই রাজ্যে চলছে তুলকালাম কান্ড।
রায়পুরে শিশুদের অধিকার সংক্রান্ত ইউনিসেফ এবং রাজ্যের স্কুল এডুকেশন, নারী ও শিশু উন্নতি বিভাগের এক অনুষ্ঠানে ইউনিসেফের দূত হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান। আর একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। পাশে কারিনা দেখে ভদ্রলোক মুখ্যমন্ত্রী একটা সেলফি নেয়ার লোভ সামলাতে পারলেন না, যতোই হোক সেলেব্রেটি তারকা বলে কথা! যথারীতি সেলফি নিলেনও মন্ত্রী। কিন্তু এরপরেই তার নিন্দায় উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দল।
বিশেষ করে রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেশ বঘেলতো সরাসরি এরজন্য কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর এমন শিশুসুলভ কান্ডে লজ্জা প্রকাশ করে বলেন, ‘রাজ্যের অসংখ্য চাষি খরা সমস্যায় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আর এইরকম একটা স্পর্শকাতর সময়ে আমাদের মূখ্যমন্ত্রী নায়িকার পাশে বসে ছবি তুলছেন?’ তিনি মুখ্যমন্ত্রীরর এমন কান্ডে ধিক্কারও জানান।
এছাড়া বিরোধী দলই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্ত্রীর এমন কান্ড নিয়ে নানা ব্যঙ্গও শুরু হয়েছে।