নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবিলা করেছে তাও বিশ্বের মাঝে রোল মডেল হয়েছে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরলে বহলা বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ এর পরিবেশনায় ‘জোনাকি পোকার গান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী খান লাকী অনলাইনে, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও শহিদ পরিবারের সদস্য বিজরা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনার আগে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বাংলাদেশে কোটি কোটি মানুষ মারা যাবে; কিন্তু মহান আল্লাহর কৃপায় ও আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই মহামারিকে মোকাবিলা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। তার যেই পরিকল্পিত নেতৃত্ব, পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের মাঝে তা ছড়িয়ে দেয়ার যে ব্যবস্থাপনা; সেটা সফলতা লাভ করেছে। তাইতো বাংলাদেশে করোনা মোকাবিলায় যে মডেল তৈরি হয়েছে, সেটা পৃথিবীর মানুষ এখন জানতে চায়, পৃথিবীর মানুষ বুঝতে চায়। তিনি বলেন, করোনা মহামারিতে সমগ্র পৃথিবীর অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছে; তখন পৃথিবীর ৫টি অগ্রসরমান অর্থনীতির একটি বাংলাদেশ। সমগ্র পৃথিবীতে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্ব তাক লাগিয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, এই বাংলাদেশ হবে ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না। মধ্যম আয়ের দেশ হবে, উন্নত দেশ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যকে জয় করেছি। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি।
বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনর্গল মিথ্যা কথা বলার কারণে মির্জা ফখরুল ইসলামকে এখন সবাই মিথ্যা ফখরুল বলে। ফখরুলের প্রতি প্রশ্ন রেখে খালিদ বলেন, তাহলে কি মির্জা ফখরুল আপনি জানজুয়ার সেই চিঠি পড়েননি। জানজুয়ার মৃত্যুর পর খালেদা জিয়া সব প্রটোকল ভেঙে কীভাবে শোকবার্তা পাঠিয়েছিল! তারপরও আপনি কীভাবে বলেন, কীভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেন। ফখরুলকে ‘রাজনৈতিক বাটপার’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধারা এ ধরনের মিথ্যাচার মেনে নেবে না।





