কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা

কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা

ফরিদপুরের মধুখালী উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরেও খালি হাতে ফিরছেন রোগীরা।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষজন। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক বা ফার্মেসি থেকে ওষুধ কিনছেন।

জানা যায়, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে মধুখালী উপজেলার ১১টি ইউনিয়নের ও একটি পৌরসভায় ২৬ টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সরকার এর মধ্যে চলমান ২৪টি আর দুটি নির্মানাধীন । এক বছর আগেও এসব ক্লিনিক থেকে জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথাসহ সাধারণ রোগের জন্য বিনামূল্যে ২৭ প্রকার ওষুধ সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্লিনিকে মাত্র ২ থেকে ৩ প্রকার ওষুধ রয়েছে, আবার কোথাও একেবারেই ওষুধ বিতরণ বন্ধ রয়েছে।

ওষুধ নিতে এসে দিনের পর দিন ফিরে যেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের । মধুখালী উপজেলার আড়পাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা কৃষক মোস্তফা বলেন, ‘বিগত কয়েক মাস ধরে এখানে এসে ওষুধ পাচ্ছি না। আগে তো সব রকম ওষুধ পাওয়া যেত। এখন আসলে শুধু কথা বলেই পাঠিয়েছে দিচ্ছে।’ তানজিলা বেগম নামে আরেক সেবা প্রত্যাশী বলেন, ‘আমার ছোট ছেলেটার জ্বর আর ঠান্ডা লেগেছে। আগেও এখান থেকে ফ্রি ওষুধ নিছি। আজ এসে শুনি ওষুধ নেই।

গরিব মানুষের জন্য এই ক্লিনিক, কিন্তু এখন তো কোনো উপকারই পাচ্ছি না। বাইরে থেকে ওষুধ কিনতে হলে তো ১-৩’শ টাকা লাগবে।’ এ বিষয়ে আড়পাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার জেমি আক্তার বলেন, ‘আমাদের কাছে রোগী আসে, কিন্তু দেয়ার মতো ওষুধ নেই। এতে রোগীরাও ক্ষুব্ধ হচ্ছেন, আমরাও বিব্রত হচ্ছি। আমাদের তো কিছু করার নেই।’

এ ব্যাপারে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান সরকার বলেন, ‘সরকারিভাবে ওষুধ সরবরাহ একদম কমে গেছে। কবে নাগাদ ঠিক হবে তাও সিওর বলা যাচ্ছে না। আমি নতুন যোগদান করেছি আশা করছি দ্রুতই ওষুধ সরবরাহ ঠিক হলে এই সংকট কেটে যাবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।