× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

এবার ছাড়ের ছড়াছড়ি নেই রিহ্যাব মেলায়

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: অন্য বছরের মতো এবার রিহ্যাবের মেলা উপলক্ষে ছাড় বা অফারের ছড়াছড়ি নেই। তবে দর্শনার্থীদের অনেকেই মেলা শেষে গ্রাহকে পরিণত হবেন বলে মনে করছে বিভিন্ন কোম্পানি।

কোম্পানিগুলো বলছে, মন্দার কারণে এবার লাভ ছাড়া বা নামমাত্র লাভে প্লট-ফ্ল্যাট বিক্রি করছেন তাঁরা। তাই তেমন কোনো অফার থাকছে না।

আবাসন মেলার তৃতীয় দিন শুক্রবার রিহ্যাব মেলায় দর্শনার্থীর সমাগম ছিল বেশি। অনেকের ছুটি থাকায় আজ শনিবারও মেলা জমজমাট হবে বলে আশা করছেন আয়োজকরা। তাঁরা জানান, স্টলে এসে অনেকেই বুকিং দিচ্ছেন। আবার কেউ সিদ্ধান্ত নিলে পরে যোগাযোগের আশ্বাস দিচ্ছেন।

মিরপুর থেকে আসা দর্শনার্থী সুমাইয়া ইমলাম বলেন, ‘বেশ কয়েকটি স্টল থেকে তথ্য নিয়েছি। তেমন কোনো ছাড় দেখলাম না। পরে সিদ্ধান্ত নেব।’

মেলার দর্শনার্থী মাহবুবুর রহমান বলেন, ‘এটা সুন্দর একটি আয়োজন। এখানে আবাসন কোম্পানি ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। কোনো দর্শনার্থী চাইলে পছন্দের পণ্যের বুকিংও দিতে পারছে। পাশাপাশি আর্থিক জোগানদাতা প্রতিষ্ঠানও রয়েছে। এর আগে আমি জানতামই না যে কীভাবে আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয়।’

মেলায় অংশ নেওয়া নিউ ভিশনের বিপণন ব্যবস্থাপক আবদুল জব্বার অপু বলেন, ‘অনেক দিন ধরে আবাসন খাতে মন্দা যাচ্ছে। এই কয়েক দিনেই বোঝা গেছে, এবার দর্শনার্থীদের অনেকেই আমাদের গ্রাহকে পরিণত হবেন।’

আবাসন প্রতিষ্ঠান অ্যাসিউরেন্স ডেভেলপমেন্ট মধ্যম আয়ের মানুষের জন্য এক হাজার ১১৫ বর্গফুটের ফ্ল্যাট কেনার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির ৫১টি প্রকল্প চলমান রয়েছে।

এ প্রসঙ্গে অ্যাসিউরেন্স ডেভেলপমেন্টের সহকারী ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, ‘অনেক প্রতিষ্ঠান নানা অফার দিয়ে ক্রেতা আকর্ষণ করছে ঠিকই। কিন্তু আমরা আগেই বিভিন্ন প্রকল্পের অধীনে ফ্ল্যাটের দাম কমিয়ে গ্রাহকের নাগালের মধ্যে এনেছি। ফ্ল্যাট কেনার এখনই উৎকৃষ্ট সময়।’

অ্যাপার্টমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ড মেলায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে কনকর্ডের ৩৬টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে পাঁচ শতাধিক রেডি ফ্ল্যাট রয়েছে। বাকিগুলো নির্মাণাধীন। মেলায় বুকিং দিলে আলোচনাসাপেক্ষে কিস্তি পরিশোধে নানা সুযোগ-সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক আশীষ কুমার সরকার বলেন, ‘আমাদের এখানে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সব শ্রেণির জন্য আবাসন প্রকল্প রয়েছে। মেলায় বুকিং দিলে ঘোষিত ছাড় ছাড়াও আলোচনা সাপেক্ষে কিস্তি সহজীকরণ করা হচ্ছে গ্রাহকদের জন্য।’

মেলার এবারের আয়োজন নিয়ে আয়োজকরা অনেকটাই সন্তুষ্ট বলে জানিয়েছেন রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।

রিহ্যাবের সহসভাপতি (অর্থ) প্রকৌশলী সরদার মোহাম্মদ আমিন বলেন, ‘আমরা এবারের মেলায় সমাগম যতটা প্রত্যাশা করেছি, তার চেয়ে বেশি হয়েছে। এর কারণ গত কয়েক বছর এ খাতের মন্দা ছিল, এখনো চলছে। এতে কোম্পানিগুলোর হাতে অনেক অবিক্রীত প্লট-ফ্ল্যাট রয়েছে। আর গ্রাহকদের চাহিদাও রয়েছে।’

আমিন বলেন, ‘আমি মনে করি, এখন ফ্ল্যাট কেনার একটি উপযুক্ত সময়। দীর্ঘদিনের মন্দার কারণে অনেক প্রতিষ্ঠানই বিনা লাভে বা নামমাত্র লাভে এখন পণ্য বিক্রি করছে। তবে গ্রাহকদের চাহিদা বাড়লেই এর দাম বেড়ে যাবে।’

রিহ্যাবের পরিচালক (অর্থ) এনায়েতউল্লাহ বলেন, ‘এটি আবাসন খাতের বড় আসর। এবারের এ আসরের প্রভাব অনেক দিন থাকবে। কারণ, এনআরবিদের (প্রবাসী বাংলাদেশি) জন্য একটি তহবিল হয়েছে।  আবাসন খাতে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর সুযোগ সৃষ্টি করা হচ্ছে। কম সুদে ঋণ পেলে এ খাতের মন্দা অনেকটাই কেটে যাবে। যাঁরা এখন মেলায় এসেছেন, তাঁদের অনেকেই এসব সুবিধা নিয়ে পণ্য কিনবেন। ফলে মেলার একটি রেশ মেলা শেষ হলেও থাকবে।’

রিচমন্ড গ্রুপের বিপণন বিভাগের পরিচালক নজরুল ইসলাম মাসুদ বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে। বাকি কিছু ফ্ল্যাট অপেক্ষাকৃত কম দামে ক্রেতারা পেতে পারেন। রায়েরবাজারের এক হাজার ২৬০ বর্গফুটের ফ্ল্যাট পেতে প্রতি বর্গফুটে দাম পড়বে চার হাজার ৫০০ টাকা। আদাবরে এক হাজার ১৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে পড়বে চার হাজার ৩০০ টাকা।

আমিন মোহাম্মদ গ্রুপ যেকোনো আকারের প্লট বুকিং দিলেই মোট দামের ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানের বিপণন ও বিক্রয় ব্যবস্থাপক আক্তারুজ্জামান বলেন, ‘মতিঝিলে এ প্রকল্পের প্লট নিতে চাইলে তা মূল্য পরিশোধ সাপেক্ষে হস্তান্তর করা সম্ভব। রাজউক অনুমোদিত এ প্রকল্পে প্রায় ১০ হাজার প্লটের বেশির ভাগ বিক্রি হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে মেলায় অনেকেই বুকিং দিচ্ছেন।’

কমফোর্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনায়েতুল্লাহ বলেন,  ‘এককালীন মূল্য পরিশোধে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের মালিক হতে ১০ লাখ টাকার প্যাকেজে শেয়ার ক্রয়েরও সুযোগ রয়েছে।’

মেলায় এনা প্রপার্টিজের প্রতিটি ফ্ল্যাটে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ধানমণ্ডি, কল্যাণপুর, মোহাম্মদপুর, গুলশান, শুক্রাবাদ, দক্ষিণ বাড্ডা, পশ্চিম পান্থপথসহ বেশ কিছু জায়গায় বিক্রির জন্য প্রস্তুত রয়েছে এনা প্রপার্টিজের ফ্ল্যাট। এলাকা ও ফ্ল্যাটের অবস্থানভেদে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২০০ থেকে শুরু করে ১৮ হাজার টাকা পর্যন্ত। ফ্ল্যাটের দামের সঙ্গে আছে ইউটিলিটি চার্জ ও কার পার্কিং চার্জ।

ভবন নির্মাণসামগ্রীর আয়োজন নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রাণ-আরএফএল। এর মধ্যে নানা ডিজাইন ও রঙের বিভিন্ন ফিটিংস, পাম্প, পিভিসি-জিআই পাইপ, চুলা, প্লাস্টিকের তৈরি দরজা, জানালা, সোফা ও আসবাব নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..