দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন অথচ এনআইডি স্মার্ট কার্ড পায়নি দাকোপ উপজেলার বহু ভোটার।
৩টি পোল্ডারে বিভক্ত উপজেলাটি মূলত ৩টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত।
আজ অবধি এখানে উন্নয়নের ছোঁয়াও লেগেছে কম। তাই এলাকার মানুষ চেয়ে আছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের দিকে। তাদের ধারণা নতুন সাংসদ এলে হয়ত এলাকার রাস্তাঘাট ভালো হয়ে যাবে মানুষের জীবন মানের উন্নয়ন হবে।তাই এবার নির্বাচনের জন্য মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেশী। তাই এনআইডি স্মার্ট কার্ড নেওয়ার জন্য এলাকার নিকট এবং দূরদূরান্ত থেকে উপজেলা নির্বাচন অফিস অভিমুখে ছুটছেন অনেকেই কিন্তু খরচা করে এসে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। স্মার্ট কার্ড নিতে এসে ফিরে যাওয়া কৈলাশগঞ্জ ইউনিয়নের নান্টু জোয়ার্দার ও পরিতোষ মৃধা জানান,বাড়ি থেকে উপজেলা আসতে যেতে ২’শ টাকা ব্যায় কিন্তু আমাদের স্মার্ট কার্ড এখনও অফিসে আসেনি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৪৯টি ভোট কেন্দ্রের ৩শ ৭টি ভোট কক্ষে এবং ১৫টি অস্থায়ী ভোট কেন্দ্রে, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে অংশগ্রহণ করবেন ১লক্ষ৩২ হাজার ৯’শ ৮০ জন ভোটার।
এদের অর্ধেকেরই বেশি ভোটারের স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে এখনও দাকোপ নির্বাচন অফিসে আসেনি। সূত্রে আরও জানাযায়,শুধুমাত্র ২০১৯ সালের তালিকায় হালনাগাদ কর্মসূচীতে যেসমস্ত ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন এবং তাদের মধ্যে জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০২১ সালের পূর্বে শুধুমাত্র তাদের স্মার্ট কার্ড দাকোপ উপজেলা নির্বাচন অফিসে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম জানান,স্মার্ট কার্ড পর্যায়ক্রমে জাতীয় পরিচয় নিবন্ধন ঢাকা হতে প্রাপ্তিসাপেক্ষে আমরা দাকোপের ভোটারদের কাছে বিলি করবো।





