অর্থনৈতিক প্রতিবেদক: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি আগের মতোই রয়ে গেছে। বরং চলতি অর্থবছরে গত তিন অর্থবছরের তুলনায় কম বাস্তবায়ন হয়েছে। এ জন্য হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একই সঙ্গে এডিপি বাস্তবায়নের গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আরো আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার পরিকল্পণা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ হতাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রী নভেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্যও উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি)সর্বশেষ প্রতিবেদনে থেকে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর পর্যন্ত) এডিপি বাস্তবায়ন হয়েছে ১৭ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০ শতাংশ।
মন্ত্রী জানান, নভেম্বর মাস পর্যন্ত মন্ত্রণালয়গুলো মোট খরচ করেছে ১৬ হাজার ৯৫৭ কোটি টাকা।
এডিপি বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শতভাগ এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত তিন অর্থবছরে আমরা শতভাগের খুব কাছাকাছি গিয়েছি। এবারও আমরা আশাবাদী শতভাগ এডিপি বাস্তবায়ন হবে। তবে এ জন্য প্রথম দিকে যেভাবে বাস্তবায়ন হওয়া উচিত সেভাবে হচ্ছে না।
তাই এডিপি বাস্তবায়নসংশ্লিষ্ট সবাইকে আরো বেশি তৎপর ও আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, পদ্মা সেতু আমাদের এডিপির বড় একটি অংশ। এর কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ে এটি সম্পন্নও হবে।