ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। সেখান থেকে উঠেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নিষিদ্ধের দাবি। একইসঙ্গে আইনজীবী হত্যার প্রতিবাদের পাশাপাশি খুনিদের দ্রুত বিচারের দাবি উঠেছে।

আজ শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রাজধানী ঢাকা : জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও সাধারণ মুসল্লিদের ব্যানারে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা লক্ষ্মীপুর মার্কাজ মসজিদ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন–হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহির উদ্দিনসহ অনেকে।

পিরোজপুর : জুমার নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা।

সমাবেশে বক্তব্য দেন– পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মোক্কারাম মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুল্লাহ, বাইতুল সালাম জামে মসজিদের ইমাম মুফতি আহাসান উল্লাহ, পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের, বায়তুল আমান জামে মসজিদ ইমাম মুফতি হাফিজুর রহমান।

নাটোর : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সুষ্ঠ বিচার ও ইসকন নিষিদ্ধ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান, আব্দুলাহ আল রোমানসহ সাধরণ শিক্ষার্থী ও মুসল্লিরা।

ঝালকাঠি : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদের মুসল্লিররা খণ্ড খণ্ড মিছিলে নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী : রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা ও তাওহিদি জনতা। জুমার নামাজ শেষে নগরীর জিরো পয়েন্টে জমায়েত হয় তারা। সংক্ষিপ্ত  সমাবেশ শেষে  বিক্ষোভ মিছিল বের করে তাওহিদি জনতা।  মিছিলটি নগরীর জিরো পয়েন্ট হয়ে মনি চত্বর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

রাজবাড়ী : আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে রাজবাড়ীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা ইমাম কমিটির ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে একটি মিছিল বের হয়ে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে শেষ হয়। এর আগে আজাদী ময়দানে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী : ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। আজ জুমার নামাজের পর ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জহিরিয়া মসজিদ ও কোর্ট মসজদিসহ শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে নিচে এসে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান ও টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নরসিংদী : নরসিংদীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নরসিংদী শহর থেকে ২৪ ঘণ্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আলটিমটাম দেন বক্তারা।

জুমার নামাজের পর নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিবসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারা জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।

বান্দরবান : বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। আজ জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার জামে মসজিদ’সহ পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় প্রেসক্লাবের সামনে। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা আওয়াল প্রমুখ। সমাবেশ সম্মিলিত ভাবে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।