আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে -আইনমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির সকল ব্যবস্থা করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক না কেন এবং তাদের পরিচয় যা-ই হোক না কেন সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ন্যায়বিচারের মাধ্যমে এই মামলার বিচার শেষ করা হবে। বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আজ নোয়াখালীতে ৬০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত দশতলা বিশিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করার জন্য দেশের সকল আদালতে সিসি ক্যামেরা স্থাপন এবং সেগুলো নিয়মিত মনিটরিং করা হবে।

মন্ত্রী বলেন, নোয়াখালীতে যে আদালত ভবন উদ্বোধন করা হলো তা সরকারের চলমান উন্নয়ন প্রক্রিয়ার একটি খণ্ডচিত্র মাত্র। কেবল সিজেএম আদালত ভবন নির্মাণের জন্যই বর্তমান সরকার ২ হাজার ৩৮৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলায় সিজেএম আদালত ভবন উদ্বোধনও করা হলো। এছাড়া সরকার পূর্বের জেলা জজ আদালত ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন-সহ আরো অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলে বিচার বিভাগের এজলাস সংকট তথা অবকাঠামোগত সমস্যা প্রায় দূর হয়েছে।

নোয়াখালীর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আয়েশা ফেরদাউস, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা খানম, আইন সচিব মোঃ গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রমুখ বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।