আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস – ২০১৯ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস – ২০১৯ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে দেশের সকল কন্যা শিশুর প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা।

আজকের কন্যা শিশু আগামী দিনের নারী। তাই প্রতিটি কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। বর্তমান সরকার কন্যা শিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। কন্যা শিশুদের কল্যাণে বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনা বেতনে অধ্যয়ন-সহ শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে মেয়েদের শিক্ষার হার বেড়েছে, বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে।

লেখাপড়ার পাশাপাশি মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে। বাংলাদেশের এসব পদক্ষেপ বহির্বিশ্বেও প্রশংসিত হচ্ছে। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ-সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের মাধ্যমে এ বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে। আমি কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান সর্বোপরি সমাজ ও পরিবারকে
এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আমি ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবস – ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।