অর্থনীতির গতিধারা অক্ষুন্ন রাখার জন্য নিবিড়ভাবে কাজ করতে হবে -অর্থমন্ত্রী

অর্থনীতির গতিধারা অক্ষুন্ন রাখার জন্য নিবিড়ভাবে কাজ করতে হবে -অর্থমন্ত্রী

ঢাকা: অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এ চার বিভাগের সচিবগণের সাথে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একটি ভার্চুয়াল সমন্বয় বৈঠক করেন।

বৈঠকে করোনা মহামারির মধ্যেও ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ায় এবং মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলারে উন্নীত হওয়ায় অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, এ চারটি বিভাগ আমরা একটি টিম হিসাবে কাজ করছি। দেশের সামষ্ঠিক অর্থনীতির গতিধারা অক্ষুন্ন রাখার জন্য নিবিড়ভাবে কাজ করতে হবে। ২০২০-২০২১ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ মবিলাইজেশন এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার প্রতি আমাদের যত্নশীল হতে হবে।

আমাদের কাজের অগ্রগতি মূল্যায়ন ও সকল প্রকার জটিলতা নির্ধারণে আমরা প্রতি তিন মাস পর পর একটি সমন্বয় বৈঠক করে থাকি। কোভিড-১৯ এর কারণে গত কয়েক মাস আমরা বৈঠক করতে পারিনি। নিয়মিত প্রতি তিন মাস পর পর একেক সময়ে একেক বিভাগের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এখন থেকে কাজ করার গতি যাতে ঠিক থাকে তাই মাঝে মাঝে আমরা আমাদের পারফরমেন্স রিভিউ করবো এবং কিভাবে আমাদের মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করবো। কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয় আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হবে।’

বৈঠকে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; মো. আসাদুল ইসলাম, সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব; ও ফাতিমা ইয়াসমিন, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অংশগ্রহণ করেন। সচিবগণ আলোচনায় অংশগ্রহণ করে চার বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পরবর্তী বাজেট কি রকম হবে, কোন কোন খাতগুলোকে প্রাধান্য দেওয়া হবে সে বিষয়ে এখন থেকে কাজ শুরু করার নির্দেশনা প্রদান করা হয়। সমন্বয় সভার আলোচনার মাধ্যমে সময়ে সময়ে তা আপডেট করার ইঙ্গিত প্রদান করেন অর্থমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।