বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বাতিল না করা হলে ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। অন্যথায় মুসলমানরা বাবরি মসজিদ অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বাবরি মসজিদ নিয়ে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ‘একপেশে রিপোর্টের ভিত্তিতে ৪৬০ বছরের পুরনো মসজিদ ভেঙে মন্দির তৈরির সিদ্ধান্ত অযৌক্তিক ও ন্যায় বিচারের পরিপন্থী। এ রায় উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করবে। দুঃখজনকভাবে সুপ্রিম কোর্ট জমির মালিকানা নিয়ে রায় দিলেও মসজিদ ভাঙার ফৌজদারি মামলা এখনও ঝুলে আছে। বরং যারা মসজিদ ভাঙায় নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই মসজিদ তুলে দেওয়া হলো।’
দলটির প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারতের সমাজ-সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতিতে ইসলাম অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। ভারতে মুসলমানদের ইতিহাস গৌরবময় ও সমৃদ্ধ। অথচ ‘একভারত’ প্রতিষ্ঠার নামে বিজেপি জাতিগতভাবে মুসলিম নিধনের সব আয়োজন সম্পন্ন করেছে। তারা এখন অভিন্ন দেওয়ানি আইনের নামে ইসলামী সংস্কৃতির শেষ চিহ্নটুকু মুছে দিতে চায়।





