অবৈধ সম্পদ নূর হোসেনের স্ত্রীর বেশি

স্টাফ রিপোর্টার: অবৈধ সম্পদের পরিমাণ বেশি নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের চেয়ে তার স্ত্রীর । স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।

দুদকের উপপরিচালক জুলফিকার আলী বাদী হয়ে সোমবার সকালে রাজধানীর রমনা মডেল থানায় রোমা হোসেনের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করেন। এর পরই দুদকের দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শিমরাইলে নিজ বাসভবন থেকে রোমা হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার দুই এজাহারে জানা যায়, নূর হোসেনের নামে ৫ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ২৯৭ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অন্যদিকে তার স্ত্রী রোমা হোসেনের নামে ৮ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ১২১ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে। অর্থাৎ নূর হোসেনের ২ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৫২৪ টাকার অবৈধ সম্পদ কম রয়েছে।

নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার (মামলা নং-২) এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধান চালিয়ে তার ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ ছাড়া ২০১৫ সালের ১২ ডিসেম্বর নূর হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

অন্যদিকে রোমা হোসেনের বিরুদ্ধে মামলার (মামলা নং-৩) এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ডিসেম্বর রোমা হোসেনের দুদকে দাখিল করা বিবরণীতে ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার ৫ কোটি ৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের খোঁজ পাওয়া যায়।

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় দুদক আইন ২০১৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দুইটি দায়ের করা হয়।

নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালের ১৯ মে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তী সময়ে রোমা হোসেনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। ১৯৮৫ সালের ট্রাক চালকের সহকারী নূর হোসেন ১৯৮৭ সালে ট্রাক চালক হন। ১৯৯১ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। অভিযোগ আছে ট্রাক চালকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করলেও নূর হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কয়েক বছরে সম্পদের পাহাড় গড়ে তোলেন। ২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন খুন হওয়ার ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। ২০১৫ সালের ১২ নভেম্বর ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে নূর হোসেন কারাগারে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।