পিআইডিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শাহপরী দ্বীপের বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধসের পর সরকার এবার বাঁধ নির্মাণ করেছে যা উখিয়া, টেকনাফের স্থানীয়দেরকে দীর্ঘদিনের জলোচ্ছ্বাস-সহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।
আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের বাঁধ এলাকা ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিলো না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। এ ছাড়া সারা দেশে সকল চলমান প্রকল্প দ্রুত সম্পন্নের জন্য ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের দীর্ঘসূত্রতার জন্য অনেক ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীর রক্ষা বাঁধ সীমান্তে বিজিবি টহলেও সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্য সহায়ক।