× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে যৌতুক মামলার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
গৃহবধূকে কুপিয়ে জখম, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

মাদারীপুরে যৌতুক মামলা করায় এক গৃহবধূর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এতে ফাতেমা আক্তার (২৫) নামে ওই গৃহবধূ গুরুতরভাবে আহত হন।

সোমবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
স্বজনদের বরাতে জানা যায়, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মোবারক গৌড়ার মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি একই ইউনিয়নের সাবেক কালিকাপুর গ্রামের মৃত হাকিম গাছীর ছেলে রাহাত গাছীর (২৯) বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৪ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র দেওয়া হয়।

বিয়ের পরও যৌতুকের দাবিতে ফাতেমার ওপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ। যৌতুকের টাকা না পেয়ে তাকে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে রাহাতের বড় ভাই রাসেল তাকে সৌদি আরবে পাঠিয়ে দেন। এরপর রাসেল ও পরিবারের অন্যান্য সদস্যরা আবারও যৌতুকের দাবি করেন।

যৌতুকের টাকা না দেওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর ফাতেমার বাবার বাড়িতে গিয়ে মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে চলতি বছরের ১ জানুয়ারি নির্যাতিতা গৃহবধূ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাহাত, রাসেলসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন।
এরই জেরে সোমবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে উকিলপাড়া এলাকায় ফাতেমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রাসেল ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে। ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা, তার স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রফিকুল ইসলাম মিন্টু


এ ক্যটাগরির আরো খবর..