বৃষ্টি হলেই কাদায় ডুবে যায় ঝিনাইদহের নতুন হাটখোলা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

বৃষ্টি হলেই কাদায় ডুবে যায় ঝিনাইদহের নতুন হাটখোলা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা
বৃষ্টি হলেই কাদায় ডুবে যায় ঝিনাইদহের নতুন হাটখোলা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

বৃষ্টি হলেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে পুরো হাট। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের অধিকাংশ জায়গায় জমে থাকে পানি ও কাদা।

 

দেখে মনে হয়, এটি কোনো হাট নয়, যেন ধান রোপণের মাঠ। এমন বেহাল পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করছে ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলায়।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও পানি জমে আছে, আবার কোথাও যানবাহনের চাকার কারণে তৈরি হয়েছে গভীর গর্ত। বাধ্য হয়ে কাদা মাড়িয়ে কেনাকাটা করতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে পণ্য নিয়ে দোকানে আসা-যাওয়া করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা।

হাটে কেনাকাটা করতে আসা শহরের আরাপপুর এলাকার রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের পরিবেশ চলাচলের অনুপযোগী হয়ে যায়। কাদার মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়। পাশাপাশি পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন তিনি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ভরে যায়। মালামাল নিয়ে দোকানে আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। কাদার কারণে ক্রেতারাও দোকানে আসতে অনীহা প্রকাশ করেন। ফলে বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, হাটে নারীদের পাশাপাশি বয়স্ক মানুষদের চলাচল করাও অত্যন্ত কঠিন। পুরো এলাকায় শুকনো জায়গা খুঁজে পাওয়া যায় না। দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কারে পৌর কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মাছ বিক্রেতা মনির হোসেন জানান, বৃষ্টির সময় দোকানের সামনে কাদা জমে থাকায় ক্রেতারা সেখানে আসতে চান না। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে রয়েছেন। তিনি হাটের রাস্তাগুলো পাকা করার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করার দাবি জানান।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য আরইউটিডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কাজের টেন্ডারও সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ ঝিনাইদহ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।