দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও উপজেলা উন্নয়ন তহবিল এর আওতায় প্রকল্পগুলোর নামমাত্র কাজ করে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে কয়েকটি প্রকল্প ঘুরে দেখা গেছে, ইকরচালী উচ্চ বিদ্যালয়ের পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ফকিরপাড়া তেপথি হতে বিড়াবাড়ি রাস্তার স্কুল পর্যন্ত এইচবিবি করণ, পরিতোষ সাধুর বাড়ি হতে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এইচবিবি করণ, আলহাজ সাত্তার সাহেবের বাসার কাছ থেকে মুকুলের বাজার যাওয়ার রাস্তায় এইচবিবি করণ, নুরুল হুদা দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ সংস্কার ও আলমপুর ইউনিয়নের চিকলী হতে আলমপুর ইউপিগামী রাস্তায় গাগলাহাটি ব্রীজের (পিআর বেজ প্রোটেকশন) প্রকল্পগুলোয় নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো। আর এসব কাজে দেখভালোর দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট উপ-প্রকৌশলীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বিলগুলো ছেড়ে দেওয়ার সুপারিশ দেয়।
এছাড়াও এডিপি/তারা/২০১৯-২০/ড-.০৫ প্রকল্পে অজিত মাস্টারের বাড়ি হতে কোরানিপাড়া রাস্তায় এইচবিবি করণ প্রকল্পটি খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে অজিত মাস্টারকে তালিকা দেখালে তিনি বলেন, আসলে প্রকল্পটিতে আমার নাম দেওয়া থাকলেও আমার বাড়ি থেকে কোরানিপাড়া যাওয়ার রাস্তায় কোন কাজ করা হয়নি। তবে এবিষয়ে আমি উপজেলা চেয়ারম্যান মহোয়কে বললে তিনি ভবিষ্যতে করে দিবেন বলে আশ^স্ত করেন। তিনি এ প্রতিবেদককে আরো বলেন, ভাই আপনি সত্য তুলে ধরেন। যেখানে গিয়ে স্বাক্ষী দিতে হয় আমি দেবো।
কাচনা গ্রামের দুলাল, রতন, লিটন, সবিতা, কাজলী বলেন, সাধুর বাড়ি হতে খামার যাওয়ার রাস্তায় বালা (বালু) কম দেওয়ায় এবং কমদামী ইট (নিম্নানের ইট) দেওয়ায় এই কয়টা দিনোতে রাস্তার ইটগুলা অনেক জায়গায় জায়গায় বসি গেইছে। কোন জাগাত রাস্তা ভাঙ্গি গেইছে।
কাচনা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রমেশ বলেন, আসলে বালা কম দেওয়ায় এবং নিম্নানের ইট ব্যবহার করায় ইতিমধ্যে রাস্তাটি নষ্ট হয়ে যাওয়া শুরু হয়েছে।
উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, যেহেতু বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজগুলো করেছে এবং আমরা তদারকি করে তাদের বিল ছাড় করেছি। সেহেতু নিম্নানের কাজের তো প্রশ্নই আসে না। তারপরেও যেহেতু আপনি বলছেন, সেহেতু আমরা আরো খোঁজ খবর নিয়ে আপনার সঙ্গে কথা বলবো।
এসকল বিষয়ে মুঠোফোনে মন্তব্য চাইলে এ প্রতিবেদককে ক্ষিপ্ততা দেখিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, আমার পক্ষে এসকল বিষয় দেখা সম্ভব নয়। এগুলো দেখার জন্য উপজেলা ইঞ্জিনিয়ার অফিস রয়েছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করেন।