বিশেষ প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘কোটা বেশি রেখে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। কোটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। কেউ যেন এ ব্যাপারটি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ না পায়।’
তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। সেটা পূরণ করার জন্য সহনীয় পর্যায়ে কোটা রাখা যেতে পারে।সোমবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। শাবির বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ আয়োজিত বিজ্ঞান উৎসব-২০১৮-এর রেজিস্ট্রেশন শুরু উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, কোটা প্রথা যুক্তিযুক্ত এবং দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি বলেন, কোটা সম্পর্কে আমি খুব বেশি খবর নেইনি। তবে যতটুকু শুনেছি, এত কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মূলত আমি কোটার পক্ষে না। আমাদের বিশ্ববিদ্যালয়েও অনেক দিন কোটা ছিল না।
আন্দোলরত ছাত্রদের ওপর পুলিশের হামলার ব্যাপারে তিনি বলেন, পুলিশের এ রকম জায়গায় আসা উচিত হয়নি। এর আগেই ঘটনাটির সুরাহা হয়ে যাওয়া উচিত ছিল। শিক্ষার্থীদের গায়ে হাত তোলা গ্রহণযোগ্য নয়। আমি এতে খুবই মর্মাহত হয়েছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সহযোগী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস, সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ প্রমুখ।আয়োজকরা জানান, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন করা যাবে। ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী চলবে এ উৎসব।




