পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নিজ নিজ নির্বাচনী এলাকা ও জেলায় যাচ্ছেন বিএনপি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা। পরিবার, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনারও প্রস্তুতি নিয়েছেন তারা।
দলীয় ও সরকারসংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এটি তাদের দ্বিতীয় ঈদ। দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও সহিংসতার কারণে অনেক নেতাই স্বাভাবিকভাবে এলাকায় গিয়ে ঈদ উদযাপন করতে পারেননি। তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাদের বড় অংশ ইতোমধ্যে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, সরকারের তিন মাসের কার্যক্রম ও নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে ঈদের সময়কে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এ সময় নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সমস্যাসহ জনগণের প্রত্যাশার কথা জানার চেষ্টা করবেন।
দলীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করা এবং সাংগঠনিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচিরও প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবেন। পাশাপাশি সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সম্পর্কে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি।
দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীসহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এবং মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের কেউ ঢাকায়, আবার কেউ নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাদের এলাকায় গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, এবারের ঈদ ধর্মীয় উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবেও তাৎপর্য বহন করছে। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সরকারের কার্যক্রম সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই জনসম্পৃক্ত কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।