ঢাকা: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একই সঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে, যাতে একটি শক্তিশালী ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ওঠে।
বৃহস্পতিবার রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অপসাংবাদিকতার সুযোগ বাড়বে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে সম্মানজনক বেতন কাঠামো ও কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
জহির উদ্দিন স্বপন বলেন, সংবাদপত্র শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে এমন নীতিগত সহায়তা দিতে হবে, যাতে গণমাধ্যম শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত হয় এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলো টেকসইভাবে পরিচালিত হতে পারে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গণমাধ্যম সংস্কার, স্বাধীন পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কমিশন গঠনের উদ্যোগ চলমান রয়েছে। অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, দায়িত্বশীল, স্বাধীন ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার ও সংবাদমাধ্যমের সম্পর্ক নয়, বরং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্বাধীন কনটেন্ট নির্মাতাদের উত্থানের কারণে প্রচলিত গণমাধ্যম কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। বিজ্ঞাপনের বড় অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে যাওয়ায় মূলধারার গণমাধ্যমকে প্রযুক্তিনির্ভর ও আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, সরকারি বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে কোনো গণমাধ্যমের দর্শক ও পাঠকসংখ্যা গুরুত্বপূর্ণ মানদণ্ড হওয়া উচিত। এ ধরনের মূল্যায়নে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থা চালুর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন এবং গণমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সাংবাদিকদের কর্মপরিবেশ, ডিজিটাল রূপান্তর ও নীতিগত সহায়তা নিয়ে মতামত তুলে ধরেন।