আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটন তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর টিম কেইন কে বেছে নিয়েছেন। শুক্রবার এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়েছেন। শনিবার এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন।
মধ্যপন্থী হিসেবে পরিচিত টিম কেইন, এর আগে মেয়র এবং গভর্নরের দ্বায়িত্বও পালন করেছেন। ৫৮ বছরের এই সিনেটর গর্ভপাত প্রস্তাবের বিরোধী এবং তিনি মুক্ত বাণিজ্য চুক্তিকে সমর্থণ করেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের লড়াই বেশ কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার টুইটারে হিলারি বলেন, ‘নির্বাচনে রানিংমেট হিসেবে আমি যার নাম ঘোষণা করতে যাচ্ছি সে বিষয়ে উদ্বেলিত, টিম কেইন…অন্যের জন্য যে তার জীবন সবসময় নিয়োজিত করেছেন।’
এর কিছুক্ষণ পরে এক টুইটে টিম কেইন লেখেন, ‘এইমাত্র তার (হিলারি) ফোন পেয়েছি। নির্বাচনে তার রানিংমেট হতে পেরে সম্মান বোধ করছি।’