হামলাকারীরা অনুপ্রবেশকারী -মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও প্রিজনভ্যান থেকে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতরা অনুপ্রবেশকারীবলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাইকোর্ট এলাকায় বিএনপির কর্মীরা হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। প্রিজনভ্যানে উঠে পুলিশের হাতে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৬৯ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় বিশেষ আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলাও হয়েছে।

এর পরই রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক এবং সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তুলে নেওয়ার অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে। অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।

মধ্যরাতের পর থেকে বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, যুগ্ম মহাস‌চিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তল্লাশি চালানোর সময় তিন নেতার কেউ বাসায় ছিলেন না।

এসব পরিপ্রেক্ষিতেই আজ জরুরি সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বলা হচ্ছে, পুলিশের ভ্যান থেকে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা চিনতে পারছি না। আমরা আশঙ্কা করছি, তারা অনুপ্রবেশকারী। তাদের সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। আমরা ধারণা করছি, নাশকতার করার জন্য তারা এটা করেছে।

পুলিশ এ ঘটনার পর ৭০ জনকে আটক করেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখনই মানুষ নির্বাচন চায়, তখনই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সরকার এসবের মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করছে। এর পেছনে মূল কারণ হচ্ছে, যাতে গায়ের জোরে ক্ষমতায় থাকা যায়।

আটক বিএনপি নেতাদের কথা উল্লেখ করে দলের মহাসচিব আরো বলেন, ‘সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, তাদের অবস্থান এখনো পুলিশ নিশ্চিত করেনি। তাঁরা কোথায় আছে পরিবার জানে না। গতকাল গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর তাঁর বেয়াই ও পুত্রবধূ তাঁর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। কিন্তু তাঁদের দেখা করতে দেওয়া হয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। এ মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেনমাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

রায়ের দিন ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, যার ফলে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় নেতিবাচককোনো রায় হলে তার পরিণতি ভয়াবহহবে। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।