স্বপ্নের পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসিয়ে ৫৫ ভাগ কাজ শেষের দাবি

স্বপ্নের পদ্মা সেতু আজ স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন দৃশ্যমান। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে পদ্মা সেতুর ৫ম স্প্যান শক্তিশালী ভাসমান ক্রেন তি আনি হাউ এর মাধ্যমে ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। সকাল সাতটা থেকে স্প্যানটি ৪১ ও ৪২ নম্বর খুঁটির ওপর বসানোর কাজ শুরু হয়। এ খুঁটিতে স্প্যান বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হলো।

এর আগে বৃহস্পতিবার শক্তিশালী ভাসমান ক্রেন তি আনি হাউ মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে স্প্যানটি নিয়ে আসে। এ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল।

সেতু কর্তৃপক্ষ দাবি করছে এরইমধ্যে সেতুর ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। গেল বছরের ২৯ সেপ্টেম্বর সেতুটির প্রথম স্প্যান, এ বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান এবং ১৩ এপ্রিল ৪র্থ স্প্যানটি বসানো হয়েছিল।

এ সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। পদ্মা সেতুর দুই পারে গড়ে উঠবে সিঙ্গাপুর ও হংকংয়ের আদলে বিশ্বমানের শহর। সেইসঙ্গে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করছে পদ্মা পারের মানুষ।

জাজিরা পূর্ব নাওডোবা এলাকার রাজ্জাক মাঝি আরটিভি অনলাইনকে বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের বাপ-দাদার জমি দিয়েছি। মনে করেছিলাম সেতু করার নামে আমাদের জমিজমা নিয়ে গেল। এখন একটার পর একটা স্প্যান বসানো হচ্ছে দেখে আমরা খুশি।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের আরটিভি অনলাইনকে পঞ্চম স্প্যান বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।