ক্রীড়া ডেস্ক: মেসি, একটি নাম যা সারা বিশ্বের মানুষ জানে। শুধুমাত্র ফুটবল প্রেমিরাই নয় বরং সাধারণ মানুষের মুখেও রয়েছে মেসির খেলার সুনাম। চারবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি তার জাদুতে ফুটবলপ্রেমীদের বাকরুদ্ধ করে রেখেছেন। সারা বিশ্বে মেসি নিন্দুকের সংখ্যা নেহাত কম নয়। তারা আসলে যতটা না মেসিবিরোধী, তার চেয়ে অনেক বেশি ব্রাজিলপন্থি কিংবা মেসির অতি মানবীয় ফুটবল দক্ষতায় ঈর্ষান্বিত। তবে অন্তরের অন্তস্থল থেকে তারাও মেনে নেন, মেসিই অসংবাদিত সেরা।
মেসি তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বিভিন্ন সময় তার সমসাময়িক, অগ্রজ কিংবা অনুজ সেরা খেলোয়াড়দের কাছ থেকেও পেয়েছেন। মেসির গুণগ্রাহী অগণ্য, নানা সময়ে প্রশংসার জোয়ারে ভেসেছেন তিনি। তবে বিশ্বের সেরা ১০ খেলোয়াড় কীভাবে এই জিনিয়াসকে মূল্যায়ন করেন সেটি দেখে নেওয়া যাক:
ডিয়েগো ম্যারাডোনা (আজের্ন্টিনা) : ‘আর্জেন্টিনা ফুটবলে যে খেলোয়াড়টি আমার স্থান দখল করবে তাকে আমি দেখেছি এবং সে হলো লিওনেল মেসি।’
লুইস ফিগো (পর্তুগাল) : ‘আমার কাছে মেসির খেলা দেখা মানেই আনন্দ। এটা অনেকটা চরমপুলক পাওয়ার মতো ব্যাপার। সত্যিই এক অবিশ্বাস্য সুখ।’
রয় কিন (আয়ারল্যান্ড) : ‘আমি বেড়ে ওঠার সময়ে ম্যারাডোনার বড় ভক্ত ছিল। হালের ক্রিশ্চিয়ানো রোনালদোও ভাল। তবে আমার দেখা এ যাবৎ কালের সেরা হলো মেসি। আমি শুধু শুধুই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি না, মেসি এটি পাওয়ার যোগ্য। তার খেলায় আমি খুঁত ধরার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি।’
রাউল গঞ্জালেস (স্পেন) : ‘একদিন আমি মেসির একটি খেলা দেখছিলাম। সে শতভাগ গতিতে বল নিয়ে ছুটছিল। সে কতবার বলে কিক করেছে জানি না। পাঁচ/ছয়বার হবে। বলটা তার পায়ে আঠার মতো লেগেছিল। কার্যতঃ এটি অসম্ভব।’
ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস) : ‘ইতিহাসে মেসি হবে সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়। সে হয়ত এটি পাঁচ/ছয়/সাত কিংবা তার চেয়েও বেশিবার জিতবে। সে অতুলনীয়।’
জন টেরি (ইংল্যান্ড) : ‘লিওনেল মেসি স্পষ্টভাবেই এ যাবৎ কালের সেরা খেলোয়াড়। তার সঙ্গে লড়াই করতে পারাটা সত্যিই আনন্দের। কারণ যখন আমি ক্যারিয়ার শেষ করব, পেছনে ফিরে দেখতে পারব যে, আমি সেরা খেলোয়াড়ের বিপরীতে নিজেকে যাচাই করতে পেরেছি।’
পাওলো মালদিনি (ইতালি) : ‘আমি মনে করি মেসি দিয়েগো ম্যারাডোনার লেভেল অতিক্রম করেছে। সে এত দ্রুততার সঙ্গে অবিশ্বাস্য সব কারুকাজ করে যে, ভাবলেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়।’
থিয়েরো অঁরি (ফ্রান্স) : ‘ফুটবল নিয়ে লিওনেল মেসি এমন সব অবিশ্বাস্য কর্মকাণ্ড করে যে, সে যখন বল নিয়ে দৌড়ায়, তখন আমাকে সতর্ক থাকতে হয়, যেন আমি এক জায়গায় দাঁড়িয়ে না থাকি। কারণ তা হলে আমি হয়তো মুগ্ধতায় জ্ঞান হারিয়ে ফেলব।’
পেপ গার্দিওলা (স্পেন) : ‘মেসিকে নিয়ে লেখার চেষ্টা করবেন না, তাকে বর্ণনা করার চেষ্টা করবেন না। শুধু তার খেলা দেখুন।’
জ্লাতান ইব্রাহিমোভিচ : ‘কে সেরা? মেসি, রোনালদো নাকি ইব্রাহিমোভিচ? গত কয়েক বছর মেসি যা করেছে, তারপর এ নিয়ে আর কারো দ্বিধা থাকার কথা নয়।’