ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের ৪ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার সিলেটের সিলেটের দক্ষিণ সুরমা, সদর, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ চার উপজেলায় ৩টি পদে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গতকাল ৪ উপজেলায় ৩০২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কয়েকজন ভোটার ভোট দিতে আসছেন, তাছাড়া বেশির ভাগ কেন্দ্র একবারেই ভোটার শূন্য। নেই ভোটারদের দীর্ঘ লাইন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে থেকে সময় কাটাচ্ছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি হবেন বলে দাবি কর্তৃপক্ষের।
সিনিয়র জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটে আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য, সাড়ে তিন হাজারের বেশি আনসার সদস্য ও চারজন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এর বাইরে বিজিবি ও এপিবিএন সদস্যরাও মাঠে থাকবেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দুই উপজেলায় ১২৫টি কেন্দ্রের মধ্যে সদরে ৬২টি কেন্দ্রের মধ্যে ৪৫টি ঝুঁকিপূর্ণ ও ১৭টি সাধারণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলায় ৬৩টি কেন্দ্রের মধ্যে ২৪টি সাধারণ ও ৩৯টি ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সিলেট জেলা পুলিশের আওতাধীন দুই উপজেলায় ১৭৭টি কেন্দ্রের মধ্যে ৯০টি ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ১০৩টি কেন্দ্রের মধ্যে ৪০টি সাধারণ এবং ঝুঁকিপূর্ণ ৬৩টি। বিশ্বনাথ উপজেলায় ৭৪টি কেন্দ্রের মধ্যে সাধারণ ৪৭টি ও ঝুঁকিপূর্ণ ২৭টি।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন পুলিশ। গোয়েন্দা নজরদারি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছে। ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরের আওতাধীন সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ১২৫টি কেন্দ্রে এক হাজার ২৭৫ জন পুলিশ ও এক হাজার ৬২৫ জন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এ ছাড়া নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিমও তৎপর থাকবে। এরপরও কেউ নির্বাচন ব্যবস্থা ব্যাহত করতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।