অনিল কাপুর-তনয়া বলিউডের অভিনেত্রী সোনম কাপুর অভিনয় করেছেন ‘নীরজা’ ছবিতে। এ ছবির প্রচারের জন্য সোনম সম্প্রতি তাঁর ভক্ত, বন্ধু ও ঘনিষ্ঠজনদের কাছে এক অদ্ভুত অনুরোধ করেছিলেন। সবার কাছ থেকে যে বিষয় নিয়ে তাঁদের ভয় আর যাতে তাঁরা সাহস পান এমন বিষয় নিয়ে ভিডিও পাঠাতে বলেছিলেন সোনম।
সোনমের এ অনুরোধে সাড়া দিয়ে বলিউডের তারকা শাহেদ কাপুর, আলিয়া ভাট, এমনকি সালমান খানও ইনস্টাগ্রামে ভয়ের কারণ আর ভয় তাড়ানোর বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।
সালমান তাঁর পোস্টে সোনমের জন্য তাঁর ভয় সম্পর্কে জানিয়েছেন, তিনি যে এখনো ব্যাচেলর বা অবিবাহিত—এ বিষয়টার জন্যই তিনি ভীত! কিন্তু এই ভয় তিনি আগলে রাখতে চান!
‘দাবাং’ তারকা সালমান খান বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ‘ব্যাচেলর’। সম্ভবত বিষয়টা বেশ উপভোগই করেন খান সাহেব। আর এ কারণেই তিনি মজা করে ইনস্টাগ্রামে এমন পোস্ট করেছেন। আর সোনমও তাঁর প্রিয় মানুষটির এই পোস্ট নিয়ে তা শেয়ার করেছেন সবার জন্য।
প্রসঙ্গত, ‘প্রেম রতন ধ্যান পায়ো’ ছবিতে অভিনয়ের পেছনের কারণ প্রসঙ্গে এর আগে সোনম কাপুর জানিয়েছিলেন, রোমান্টিক ছবিতে তিনি সালমানের অভিনয় খুব পছন্দ করেন। আর ‘প্রেম রতন ধ্যান পায়ো’ ছবিটি তিনি করেছেন কেবল সালমান খান আছেন বলেই!
সোনম কাপুর তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জুটি সালমান সম্পর্কে জানিয়েছিলেন, অনেক ধরনের চরিত্রেই সালমান অভিনয় করেছেন, কিন্তু রোমান্স বা রোমান্টিক চরিত্রে অভিনয়ে তিনি অসাধারণ। ‘সালমান রোমান্সে অসাধারণ’ এমন মন্তব্যও করেছিলেন সোনম।
সোনম কাপুরের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’তেও ছিলেন সালমান খান।
রাম মাধবানির ‘নীরজা’ ছবিটি মুক্তি পাচ্ছে এই ফেব্রুয়ারির ১৯ তারিখে