× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে

সাংবিধানিক সুরক্ষা কতটুকু?

admin
হালনাগাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

মানবসত্তায় বেঁচে থাকার সহজাত ও অবিচ্ছেদ্য অধিকার মানবাধিকার; যা জাতি-ধর্ম-বর্ণ, জন্মস্থান, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সব মানুষের জন্য সমভাবে প্রযোজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে মানবাধিকারের ধারণা আন্তর্জাতিকভাবে স্বীকৃৃতি লাভ করে। তবে বেদ, বেবোলিয়ন কোড, বাইবেল, কোরআন প্রভৃতি প্রাচীন শাস্ত্র ও ধর্মগ্রন্থে নানাভাবে মানুষের অধিকারের মর্মবাণী ফুটে উঠেছে। একটু আধুনিক সময়ের ব্রিটিশ বিল অব রাইটস-১৬৮৮, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র-১৭৭৬ কিংবা যুক্তরাষ্ট্রের সংবিধান-১৭৮৯ এবং ফ্রান্স ঘোষণাপত্র-১৭৯১ মূলত মানুষের অধিকারের দলিল।

আক্ষরিক অর্থে প্রাতিষ্ঠানিকভাবে মানবাধিকারের ধারণা পরিপূর্ণ রূপ লাভ করেছে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১৭তম প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে। ৩০টি অনুচ্ছেদে বিভক্ত মানবাধিকারের ঘোষণাপত্রের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু আন্তর্জাতিক চুক্তি ও জাতীয় সংবিধানে গ্রহণের মাধ্যমে জাতিরাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রীয় সংবিধানে মানবাধিকার স্থান পেয়েছে মৌলিক অধিকার হিসেবে।

মৌলিক অধিকার প্রসঙ্গে আমাদের দেশে সাধারণভাবে প্রচলিত ভুল ধারণা হলো- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি মৌলিক চাহিদাই মৌলিক অধিকার। অবশ্য এই ভুল ভাবনার পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে। ১৯১৭ সালের রুশ বিপ্লবের মধ্য দিয়ে যখন বিশ্বব্যাপী সমাজতন্ত্র বিস্তার লাভ করতে শুরু করে তখন মানুষের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব রাষ্ট্র হিসেবে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো গ্রহণ করে। অপরদিকে পুঁজিবাদী রাষ্ট্রের চাবিকাঠি যাদের হাতে তাদের জন্য অলাভজনক হওয়ায় পুঁজিবাদী দেশগুলো জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব না নিলেও নিজেকে অধিক মানবিক করার তাগিদ থেকে মানুষের আইনগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি অধিকার অধিকমাত্রায় গুরুত্ব দিতে শুরু করে। স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় মানবাধিকারের ঘোষণাপত্র বিশ্বব্যাপী মানুষের মুক্তির দলিলে পরিণত হয়। মানবাধিকারের সনদকে আরও কার্যকারিতা প্রদানের লক্ষ্যে জাতিসংঘ ১৯৬৬ সালে সাধারণ অধিবেশনে মানবাধিকারকে দুই ভাগে বিভক্ত করে ‘Covenant on Civil and Political Rights’ and ‘Covenant on Economic, Social and Cultural Rights’
গ্রহণ করে।

ঔপনিবেশিকতার অবসানের পর নবগঠিত স্বাধীন রাষ্ট্রগুলো মানবাধিকারকে সংবিধানে স্থান দেয় মৌলিক অধিকার হিসেবে এবং মানবাধিকার রক্ষায় আইনি বাধ্যবাধকতায় আবদ্ধ হয়। তবে, ১৯৪৭ সালে ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হলেও বাংলা এবং বাঙালির জন্য মানবাধিকারের বিষয়টি থেকে যায় সুদূর পরাহত। জন্মলগ্ন থেকে পাকিস্তান নামক রাষ্ট্রটি মানবাধিকার প্রদানে অনাগ্রহী থাকার কারণে রাষ্ট্র পরিচালনায় সংবিধানকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেনি। এ অঞ্চলের মানুষকে শুধু তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত করা হয়নি; প্রয়াস চালানো হয়েছে ভাষার অধিকার কেড়ে নেওয়ার। অন্যদিকে লড়াই-সংগ্রামের মাধ্যমে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ধীরে ধীরে বাঙালি নিজেকে প্রস্তুত করে তোলে। জাতির পিতার ৭ মার্চের ভাষণে মানবাধিকার প্রসঙ্গে বাঙালির ইতিহাসের প্রতিফলন ঘটেছে এভাবে- ‘নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এদেশকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়- ২৩ বৎসরের করুণ ইতিহাস; বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস।’

অতঃপর বাঙালি ঝাঁপিয়ে পড়ে গৌরবময় মুক্তিযুদ্ধে। আর এ সময়েই বিশ্ববাসী প্রত্যক্ষ করে বর্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের নির্মম চিত্র। অবশেষে পৃথিবীর মানচিত্রে ফুটে উঠে লাল-সবুজের বাংলাদেশ। রাষ্ট্র কাঠামোকে সুদৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৬ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার অধ্যায় স্থান পায় মানবাধিকার; যে অধিকারগুলো বাংলাদেশের সব নাগরিকের জন্য প্রযোজ্য। আবার কোনো কোনো অধিকার বাংলাদেশে সাময়িকভাবে বসবাসরত অপরাপর ব্যক্তিও ভোগ করতে পারেন। কয়েকটি অধিকার শর্তহীনভাবে ভোগ করা যায়; কিন্তু কিছু অধিকার ভোগের ক্ষেত্রে সংবিধান আইন করে শর্ত আরোপের বিধান রেখেছে। তবে সংবিধানের অনুচ্ছেদ ২৬ (২) ঘোষণা করেছে- ‘রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সহিত অসমঞ্জস কোনো আইন প্রণয়ন করিবেন না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হইলে তাহা এই ভাগের কোনো বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইয়া যাইবে।’ অনুচ্ছেদ আকারে ধারাবাহিকভাবে বর্ণিত এই ভাগে সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী ঘোষণা করে (অনুঃ ২৭) বলা হচ্ছে- কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না এবং রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন (অনুঃ ২৮)। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা নিশ্চিত করা হয়েছে (অনুঃ ২৯)। সংবিধান অঙ্গীকার করছে যে, আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তিস্বাধীনতা থেকে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না (অনুঃ ৩২)। আইনের আশ্রয় লাভ এবং আইনানুযায়ী ব্যবহার লাভের অধিকার প্রদান করে বলা হচ্ছে, আইনানুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে (অনুঃ ৩১)। গ্রেফতার ও আটক সম্পর্কে সুস্পষ্ট রক্ষনাকবচ তৈরি করা হয়েছে (অনুঃ ৩৩)। জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে (অনুঃ ৩৪)। বিচার ও দণ্ড সম্পর্কে সুনিদিষ্ট বিধান রেখে উল্লেখ করা হয়েছে যে, ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন (অনুঃ ৩৫)। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে রাজনৈতিক অধিকার হিসেবে চলাফেরার অধিকার, সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা প্রদান করা হয়েছে (অনুঃ ৩৬, ৩৭ ও ৩৮)। চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে শর্ত সাপেক্ষে বাক্‌-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করা হয়েছে (অনুঃ ৩৯)। পেশা বা বৃত্তির স্বাধীনতার (অনুঃ ৪০) পাশাপাশি রয়েছে সম্পত্তির অধিকার (অনুঃ ৪২)। গৃহে ও যোগাযোগ মাধ্যমে প্রবেশ, তল্লাশি ও আটক থেকে সুরক্ষার অধিকার (অনুঃ ৪২) এবং ধর্মীয় স্বাধীনতা (অনুঃ ৪১)। বর্ণিত অধিকারগুলো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য করে মূলত মৌলিক অধিকারের আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে (অনুঃ ৪৪)। মৌলিক অধিকার বিষয়ে রাষ্ট্রের অধিবাসী হিসেবে নাগরিকরা এখন যথেষ্ট সচেতন।

তারপরও প্রতিনিয়ত ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সাধারণ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে মানবাধিকার ও সংবিধানের পাঠ বিশেষভাবে অন্তর্ভুক্ত না থাকা, সরকারের সংশ্নিষ্ট সংস্থাগুলোর মানবাধিকার বলবৎকরণ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ ও জ্ঞানের অভাব, লঙ্ঘনের ক্ষেত্রে বিচার না হওয়ার সংস্কৃতি, মানবাধিকার বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব, শাসন ক্ষমতায় সেনা হস্তক্ষেপ এবং রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সেনাবাহিনীর ওপর নির্ভরতা, আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণহীন ক্ষমতা ও জবাবদিহির অভাব, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার অনুপস্থিতি, দক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় ব্যর্থতা প্রভৃতি কারণে মানবাধিকার বাস্তবায়নে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হইনি। চিহ্নিত কারণের মধ্যেই সমস্যার সমাধান নিহিত। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারই এ দেশে মানবাধিকারের রক্ষাকবচ।

অমিত দাশগুপ্ত, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট


এ ক্যটাগরির আরো খবর..