সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম বিষয়ক সেমিনারে স্বাস্থ্য বিভাগের ব্যাপক অনিয়ম ও দূর্নীতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রথম আলো শরীয়তপুর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোর আশে-পাশে বেপরোয়া ভাবে গড়ে উঠেছে বেসরকারী মালিকানা ক্লিনিক। যেখানে সরকারী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি দালাল চক্র। এতে করে সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে কারণে অকারণে ডাক্তাররা রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট (পরীক্ষা) দেয়। এই টেস্ট গুলোর কোনটিই আপনি হাসপাতালে করতে পারবেন না। সব গুলো টেস্ট জেলার কোন না কোন বেসরকারী ক্লিনিকে করতে হবে। কারণ ক্লিনিকে রোগী টেস্ট করালে সেখান থেকে ডাক্তাররা ৪০% পায়। আর ৬০% পায় মালিক পক্ষ। অনেক সময় রোগীদের কাছে টেস্ট করার মত এত টাকা থাকে না। বিভিন্ন সময় আমরা দেখি এই ক্লিনিক ঐ ক্লিনিক নোংরা থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে অনেক ক্লিনিককে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও এক পর্যায়ে ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। তবে সিভিল সার্জন যেই হাসপাতালের তত্ত্বাবধায়ক শরীয়তপুর সদর হাসপাতালে ঢোকার সময় নাকে রুমাল না দিয়ে কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। আমার সাংবাদিকতা পেশার অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি সরকারী হাসপাতালে নোংরা, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর প্রশ্ন করেন সত্যজিৎ ঘোষ।
তিনি আরো বলেন, কয়েক বছর আগের জরিপ বলছি শরীয়তপুরে ২৫ হাজার নবজাতক জন্ম নেয়। এর মধ্যে মাত্র সরকারী হাসপাতালে জন্ম ও চিকিৎসা সেবা পায় মাত্র ৮’শ নবজাতক। আর সব বেসরকারী মালিকানা ক্লিনিকে। আমার সাথে সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমানের সাথে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ও স্বাস্থ্য সেবার মান নিয়ে কথা হয়। আমি জানতে চাই গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে। আর সেখানে গত এপ্রিল ও মে মাসের মধ্যে একজন গাইনী চিকিৎসক যোগদান করেন। তাকে কেন শরীয়তপুর শহরে আনা হলো। তিনি আমাকে জানিয়েছেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজার করার মত কোন পরিবেশ নাই। তাই তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়েছে। নিউজের কাজে হাসপাতালে গিয়ে এর ভিন্ন চিত্র দেখা গেল। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান বলেন, হাসপাতালে সিজার করার মত যথেষ্ঠ ব্যবস্থা রয়েছে। অথচ এই গাইনী চিকিৎসক এখন পর্যন্ত গোসাইরহাট হাসপাতাল থেকে তার সরকারী বেতন ভাতা তুলছে। সরকার তো স্বাস্থ্য সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌচ্ছে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখছে এবং অবোকাঠামো গড়ে দিয়েছেন। সিজার না হয় করা গেল না হাসপাতালে কিন্তু ঐ ডাক্তার অন্যান্য চিকিৎসা দিতে পারতো রোগীদের। তাহলে কেন তাকে শরীয়তপুরে নিয়ে আসা হলো? এরকম অযুহাতে সবাই যদি শহর মুখী হয় তাহলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিভাবে চিকিৎসা পাবে?
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নির্মল চন্দ্র দাস, খামার বাড়ি উপ-পরিচালক মোঃ কবির হোসেন, শরীয়তপুর সরকারী কলেজের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আবদুস সোবাহান বাবুল, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, এসডিএস’র নির্বাহী পরিচালক মুজিবর মাদবর, এড. মীর শাহাবুদ্দিন উজ্জল, সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সোডেপ)’র নির্বাহী পরিচালক শামীম খন্দকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সরদার, আংগারিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম বিষয়ক সেমিনারে আংগারিয়া ও মনোহর বাজার ছাড়া কোন বাজার বণিক সমিতি অনুষ্ঠানে অংশ গ্রহন করেনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, ‘শরীয়তপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পালং বাজারের মুরগীর বাজারটি হিন্দু সম্প্রদায়ের মন্দিরের পরিবেশ নষ্ট করছে। গত কয়েক দিন আগে আমি বাজারের উপর দিয়ে হেটে মন্দিরে যাই। সেখানে আমাকে নাকে রুমাল দিয়ে যেতে হয়েছে। তাই আমরা সবাই মিলে মুরগীর বাজারটি স্থানান্তর করার বিষয়টি আলোচনা করতে হবে। জেলায় শিক্ষার মান বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ডিসেম্বর থেকে জেলায় বন্ধ হবে কোচিং ও প্রাইভেট ব্যবসা। ভোক্তার অধিকার রক্ষায় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে সব দোকান বন্ধ করে দেওয়া হয়। এর মানে কি বাজারের প্রতিটি দোকানে ভেজাল জিনিস বিক্রি হয়। রোজার ঈদের পূর্বে আমরা অনেক সেমিনার ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আলোচনা করি। কিন্তু যখন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে আমার ম্যাজিস্ট্রেটরা যায় তখন আর বাজার বণিক সমিতির কাউকে পাওয়া যায় না। আজও ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম বিষয়ক সেমিনারে পালং বাজার বণিক সমিতির কাউকে উপস্থিত পাওয়া গেল না। আমরা প্রত্যেকে ভোক্তা। তাই প্রত্যেকে তার নিজস্ব অধিকার ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’