রোহিঙ্গা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অস্ট্রেলিয়া সরকার ও UNICEF (ইউনিসেফ)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত Susan Ryle এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি Rana Flowers।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সহযোগিতার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব Monjur Morshed Chowdhuryসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই চুক্তিটি ২০২৬-২০২৮ মেয়াদে মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ৩৭ কোটি অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩,১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় অস্ট্রেলিয়া মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১০,৭৭০ কোটি টাকা) সহায়তা প্রদান করেছে।
এই ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তহবিল ইউনিসেফ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে, যা রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।




