নিত্যপণ্য,গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা আধা বেলা হরতাল শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। বাম দলের হরতালে যুবলীগের কর্মীদের হামলার অভিযোগ করছে নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল চলছে। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে একটু সামনে হামলার ঘটনা ঘটে।
মিরপুর অঞ্চলের বাম দল নেত্রী শামসুন্নাহার বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের মিছিলের মধ্য দিয়ে যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় আমাদের নেতা-কর্মী যুবলীগ নেতাকর্মীদের বাধা দিলে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। মিছিল শেষে ফেরার পথেই হামলা করে যুবলীগের নেতাকর্মীরা। এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একটি ছেলের কাপড় ছিঁড়ে ফেলেছে যুবলীগের নেতাকর্মীরা।
কাফরুল থানার এক উপ-পরিদর্শক বলেন, কি ঘটনা ঘটেছে বলতে পারছি না। আমি ভিন্ন জায়গায় ডিউটিতে ছিলাম। মাত্র ঘটনাস্থলে এসেছি।
বাম দলের ডাকা হরতালে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা—পল্টন ও শাহবাগের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে, নগরীর অন্য সড়কগুলোতে যানচলাচল করতে দেখা গেছে।
সমাবেশে বক্তারা বলেন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। আজ সকাল ৮টা থেকে তাঁদের এ অবরোধ শুরু হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করেন তাঁরা।
বিনা ভোটের সরকার ব্যবসায়ীদের কাছে টিকেট বিক্রি করে টাকা কামিয়েছে। এই সরকারের সব মন্ত্রী ব্যবসায়ী তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তারা সবকিছুতেই সিন্ডিকেট করেছে।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সারা দেশে আমরা সর্বাত্মক হরতাল ডেকেছি। মিটিং মিছিল করা নাগরিক অধিকার। কিন্তু এই সরকার সব কিছু থেকে আমাদের বঞ্চিত করেছে। আজ দেশে বৈষম্য গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
হরতালের বিষয়ে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘করোনার দুই বছরে জনগণের আয় কমেছে। এ মুহূর্তে দ্রব্যমূল্য বাড়লেও আয় কিন্তু বাড়েনি। এ অবস্থায় আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে দামের এ ঊর্ধ্বগতি থামবে না। তাই, বাম জোটের ডাকা হরতালে আমরা সমর্থন দিয়ে এখানে অবস্থান করছি। আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি।’
পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকালে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় এলাকায় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা ওই এলাকায় অবরোধ দিয়েছেন।