যুবদের জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতিতে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

যুবদের জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতিতে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
দক্ষতা ও মানসিক প্রস্তুতিতে গড়ে তুলতে হবে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে বিশ্বব্যবস্থায় যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে যুবসমাজই সভ্যতার সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। তাই তরুণদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমানের পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও বিবেচনা করতে হবে।

এআই নতুন বাস্তবতা তৈরি করেছে

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন ইকোসিস্টেম তৈরি হয়েছে, তা একদিকে সভ্যতার জন্য আশীর্বাদ, অন্যদিকে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সভ্যতার সামনে সম্পূর্ণ নতুন বাস্তবতা নিয়ে এসেছে।

তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞান গ্রহণে তরুণদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি। এ কারণে এআইনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উপযুক্ত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও মানসিক প্রস্তুতি দেওয়াকে রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ব যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তার গভীরতা এত বেশি যে আগামী দিনগুলোতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা অনেকাংশেই অনুমান করা কঠিন। তাই প্রচলিত শিক্ষা ও পুরোনো জ্ঞানের পাশাপাশি নতুন জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

তরুণদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর আহ্বান

তথ্যমন্ত্রী বলেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলেই তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যাবে না। তাদের ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান ও জ্ঞানব্যবস্থা প্রয়োজন। তরুণদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দেওয়া এখন শুধু উন্নয়নমূলক কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

যুবসমাজ মানবসভ্যতার সম্পদ

জহির উদ্দিন স্বপন বলেন, যুবসমাজ কোনো একটি দেশের সম্পদ নয়, তারা পুরো মানবসভ্যতার সম্পদ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে তারা জাতীয় উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। খেলাধুলা, সৃজনশীলতা, যুব উন্নয়ন, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

মন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে বৈশ্বিক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে পারবে দেশের যুবসমাজ।

আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আন্তর্জাতিক যুব দিবসের প্রেক্ষাপটে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুবসমাজকে কেন্দ্র করে আরও ব্যাপক কর্মসূচি, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যুবসমাজকে প্রস্তুত করার অর্থ শুধু তাদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা নয়; বরং ভবিষ্যৎ সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।