বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় ছাত্র আব্দুর রহমান জিদান (১৪) হত্যা মামলায় তার সহপাঠী মো: আবু বক্কর (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোন প্রকার রিমান্ড ছাড়াই বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী কাছে তিনি ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম এ আসামীকে আদালতে হাজির করেন ওই জবানবন্দি গ্রহণের আবেদন করেন। গত ২০ নভেম্বর ভোরে মাদ্রাসার বাথরুম-গোসলখানার সেফটি ট্যাঙ্কের ম্যানহোল থেকে জিদানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
র্যাবের দাবী, ওই মাদ্রাসায় চার বছর ধরে আবাসিক ছাত্র ছিল আব্দুর রহমান জিদান। একই মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থী আবু বক্কর জিদানকে দিয়ে বিভিন্ন রকম ব্যক্তিগত কাজ করানোর চেষ্টা করতো। আবু বক্কর জিদানকে দিয়ে কাপড় কাঁচা, খাবার আনাসহ বিভিন্ন ব্যক্তিগত ফরমায়েস খাটানোর চেষ্টা করতো। কিন্তু এসব আদেশ মানতে না চাওয়ায় গত ১৬ নভেম্বর জিদানকে চড়-থাপ্পরও মারে আবু বক্কর। জিদান বিষয়টি মাদ্রাসার শিক্ষক ইয়াছিনকে জানালে তিনি আবু বক্করকে সতর্ক করে দেন এবং মীমাংসা করে দেন। এরপর এক পর্যায়ে আবু বক্কর অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিলে জিদান রাজি হয়নি। কিন্তু জিদানের সঙ্গে মাদ্রাসার আরেক ছাত্রের ঘনিষ্ঠতা দেখে আবু বক্কর ধারণা করে, তাদের মধ্যে সম্ভবত অনৈতিক সম্পর্ক রয়েছে। নিজের আহ্বানে সাড়া না দেওয়ায় জিদানকে হত্যার পরিকল্পনা করে।
এজন্য গত ১৯ নভেম্বর এশার নামাজের পর নিজের ফল কাটার ছুরি দিয়ে আনুমানিক দেড়টার দিকে জিদানের গলায় ছুরি চালায় সে। এর কিছুক্ষণ পর জিদানের মরদেহ মাদ্রাসার সেপটিক ট্যাংকের কাছে ফেলে পালিয়ে যায় আবু বক্কর।
নিহত জিদান ওই মাদরাসার হেফজ শাখার ছাত্র এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জালেরশর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঢাকায় এসে তিনি পল্টন থানায় আবু বক্করের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গত বুধবার ভোরে আবু বক্করকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।