ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজে ভাগ্য বদলাবে ভারতের?
আজ অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৮ মিনিটে। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ১ ও ৩।
ওয়ানডে সিরিজে বোলারদের অফ ফর্মই ভুগিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন পেসার আশিস নেহরা ও স্পিনার হরভজন সিংয়ের মতো অভিজ্ঞরা। সুযোগ পেতে পারেন নতুন মুখও।
ভারত ও অস্ট্রেলিয়ার স্কোয়াডে এমন চারজন করে খেলোয়াড় আছেন যাদের এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি। ভারতের ঋষি ধাওয়ান, জসপ্রিত বুমরা, গুরকিরাত সিং ও হার্দিক পান্ডে। অস্ট্রেলিয়ায় রয়েছেন নাথান লায়ন, ট্রাভিস হেড, অ্যান্ড্রু টাই ও স্কট বোল্যান্ড। ভারতীয় অধিনায়ক ধোনি ইঙ্গিত দিয়ে রেখেছেন, নতুনদের সুযোগ করে দেবেন।
অন্যদিকে পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার পেসার শন টেইট। বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্সের কারণেই টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। আজ অ্যাডিলেড ওভালে গতির ঝড় তুলতে প্রস্তুতি ৩২ বছর বয়সি এই ডানহাতি পেসার।
ভারতের টি-টোয়েন্টিতে স্কোয়াডে আছেন যুবরাজ সিং ও সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও। ফলে ভারতের ব্যাটিং লাইনআপ আরো শক্তিশালী হচ্ছে। যুবরাজ, রায়না, হরভজনের হাত ধরে ভারতের ভাগ্য বদলে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।