স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশে ১৯৭২ সালে ‘বাংলার দূত’, ও ‘বাংলার সম্পদ’ জাহাজ দু’টি নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। রাষ্ট্রায়ত্ব এ প্রতিষ্ঠানে মাত্র ১০ বছরে জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭টিতে। এরপর ৩৮টি জাহাজের বহর নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠানে রূপ নেয়। সমুদ্রপথে পণ্য পরিবহনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠে বিএসসি। কর্মসংস্থান সৃষ্টি হয় হাজার হাজার নৌ ক্যাডেটদের। বলা হয়ে থাকে বিশ্ব দরবারে বাংলাদেশি মেরিনারদের পরিচিত করে তুলেছে এ প্রতিষ্ঠান। দেশের প্রথমাবারের মতো নারী ক্যাডেটদের চাকরির সুযোগ করে দিয়েছে বিএসসি।
১৯৯১ সালের পর বিএসসিতে আর কোন জাহাজ কেনা হয়নি। ইকনোমিক লাইফ শেষ হওয়াতে একের পর বিক্রি হতে হতে বর্তমানে পাঁচটিতে ঠেকেছে। এরই মধ্যে আরও দু’টি জাহাজ বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত। ফলে অতীত সেই জৌলুস নেই বাংলাদেশ শিপিং করপোরেশনের। বেসরকারি খাতে নৌ-বাণিজ্যের পরিসর বাড়লেও বিগত সময়ে সরকারের ঔদাসীন্যতায় লোকসান গুনেছে বিএসসি। বেকার হয়েছে শত শত নাবিক।
তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএসসিকে কার্যকর করতে নানা উদ্যোগ নেয়। ফলে আলোর মুখ দেখছে বিএসসি। বর্তমানে ২১টি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এখানেই থেমে থাকা নয়, অতীত গৌরব ফিরিয়ে আনতে ক্রমান্বয়ে আরও বাড়ানো হবে। ঘুরে দাঁড়াবে বিএসসি, সেই পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছে বর্তমান পরিচালনা বোর্ড। তেমনটিই জানালেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর এইচ আর ভূঁইয়া।
সম্প্রতি বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজ কার্যালয়ে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে বিএসসিকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন মংলা বন্দরের সাবেক এ চেয়ারম্যান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ১৯৭২ সালে জন্ম নেওয়ার পর থেকে জাতীয় গুরুত্বপূর্ণ আমদানি-রফতানি পণ্য পরিবহনে বিএসসি মূল দায়িত্ব পালন করেছে জানিয়ে তিনি বলেন, তখন একে একে ৩৮টি জাহাজ সংযোজিত হয়। কিন্তু পরে ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়লেও নতুন জাহাজ কেনা হয়নি। এখনো আমাদের ব্যবসা-বাণিজ্য প্রতিবছর ১২ থেকে ১৩ শতাংশ করে বাড়ছে।
দেশের উন্নয়ন কার্যক্রম বাড়ার কারণেই ব্যবসা-বাণিজ্য বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের তথ্য এটাই প্রমাণ করে। সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। এজন্য ব্যবসা বাণিজ্য প্রচুর বেড়েছে।
নতুন জাহাজ না কেনার কারণে পুরনো জাহাজগুলো একে একে বিক্রি করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পাঁচটিতে ঠেকেছে। আরও দু’টি বিক্রি করা হবে। এই অবস্থায় বিএসসিকে ছেড়ে দেওয়া যায় না। বিএসসিকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আমরা কাজ করছি।
এজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশ সরকারের ভিশনের অংশীদার হয়ে আমরাও উপযুক্ত ভুমিকা রাখতে চাই। দেশ গঠনে, দেশের উন্নয়নমূলক কার্যক্রমে সরকারের হাত মজবুত করতে বিএসসির পক্ষ থেকে উপযুক্ত ভূমিকা পালন করতে চাই। সেই লক্ষ্যেই ২০২১ সালের মধ্যে বিএসসিতে ২১টি জাহাজ সংযোজনের পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আমাদের বিএসসিকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া।
দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য তেলের আমদানি বেড়ে যাচ্ছে। সেই তেল বিপিসি আমদানি করছে। বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ টন তেল আমদানি হচ্ছে। আগামীতে এটা ডাবল হবে। সেই তেল আমাদের পরিবহন করতে হবে।
তেল পরিবহন একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তেল পরিবহনের দায়িত্ব সরকার আমাদের দিয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এজন্য আমাদের নতুন জাহাজ প্রয়োজন। তাই বিএসসির বহরে বিভিন্ন প্রকারের জাহাজ যুক্ত করতে চাই। এই পরিকল্পনার অংশ হিসেবে চীনে ছয়টি জাহাজ নির্মাণাধীন। যা একনেকেও পাশ হয়েছে।
উন্নয়ন কার্যক্রম বাড়ার কারণে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ করতে সরকার এরই মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পায়রা ও মাতারবাড়ির দিকেও হবে। এসব কেন্দ্রে বিপুল পরিমান কয়লা আমদানি করতে দস হবে। এটাও দেশের স্বার্থে বড় একটি কাজ। কয়লা পবিহনের দায়িত্ব যাতে বিএসসি নিতে পারে সে পরিকল্পনা নেওয়া হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ১৫ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে জানিয়ে তিনি বলেন, একইভাবে পায়রা ও মাতারবাড়ি কেন্দ্রের জন্য বিপুল পরিমান কয়লা লাগবে। এজন্য বিভিন্ন প্রকার জাহাজ দরকার হবে। মাদার কেরিয়ার লাগবে, সেখান থেকে লাইটারিং করার জন্য জাহাজ লাগবে। সেই জাহাজগুলো আমরা ক্রমান্বয়ে পরিকল্পনা করে একটা একটা করে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এছাড়া কন্টেইনার জাহাজও কেনা হবে।
২০২১ সালের মধ্যে ২১টি জাহাজ কেনার কথা বলা হলেও আগামীতে এ সংখ্যা আরও বেড়ে যাবে বলে প্রত্যাশা করছেন বিএসসির এমডি। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কর্মকাণ্ডে ভূমিকা রাখতে আমাদের সামনের দিকে তাকাতে হবে।
‘সরকারের উদ্দেশ্য হচ্ছে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত করা। এজন্য দেশের ভেতরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে। ফলে সমুদ্রপথে বাণিজ্য অনেক বেড়ে যাবে। বিএসসিকে সেই দিকেই নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। বলতে পারেন বিএসসিকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা।’
সমুদ্র বাণিজ্যে ধস নেমে আসলেও বিএসসি ৩৮টা জাহাজের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এখনো আছে। আমাদের আয় দিয়েই আমরা চলছি। কারও কাছ থেকে আর্থিক প্রনোদনা, সাহায্য সহযোগিতা ছাড়াই নিজেদের ব্যয়ভার বহন করছি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ শিপিং করপোরেশন লোকসানে আছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএসসি কখনো লোকসানে ছিল না। তবে বাংলার শিখা চট্টগ্রাম-মংলা রুটে চালিয়ে লোকসান হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।
সারা বিশ্বে মেরিনার্স কমিটি তৈরি করেছে বিএসসি। এখানে প্রশিক্ষণ নিয়েছে। এখান থেকে গিয়ে বিশ্ববিখ্যাত মেরিনার্স হয়েছে। অথচ এখন বেসরকারি কোম্পানিগুলো তাদের নিচ্ছে না।
প্রতিযোগিতামূলকভাবে বিএসসিকে প্রতিষ্ঠা করতে পারলে সবাই সেবা নিতে আসবে মন্তব্য করে তিনি বলেন, আমরা কয়লা ও বিপিসির তেল পরিবহনে গুরুত্ব দিচ্ছি। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরাই সবচেয়ে নির্ভরযোগ্য। তবে আমরা বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবো এবং সেই দৃষ্টিতে আগাচ্ছি।