ক্রীড়া ডেস্ক: এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের স্প্যানিশ রেকর্ড। বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা বছর ছিল ২০১৫ সাল। কাতালান ক্লাবটির মাঠের এমন দুর্দান্ত পারফরম্যান্স ভোটের বাজারেও অনুদিত হলো। উয়েফার বর্ষসেরা একাদশে পাঁচজন ফুটবলারই যে জায়গা পেয়েছে বার্সেলোনা থেকে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের ওয়েবসাইটে ভোট নিয়েছিল ২০১৫ সালের ইউরোপের সেরা একাদশ বেছে নিতে। উয়েফাডটকমে প্রায় ৭২ লাখ ফুটবলপ্রেমীর ভোটে ৪০ জনের তালিকা থেকে নির্বাচিত ২০১৫ সালের এই একাদশ ঘোষণা করে উয়েফা।
সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। মোট ভোটারের ৭০ শতাংশই তাদের একাদশে রেখেছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। মেসি ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে এই একাদশে আছেন নেইমার, জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও দানি আলভেজ।
৪-৪-৩ ফরমেশনে আক্রমণভাগে মেসি-নেইমারের সঙ্গী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ শতাংশ ভোট পেয়েছেন রিয়ালের পর্তুগিজ তারকা। নেইমার পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
স্পেনের শীর্ষ লিগ লা লিগা থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় জায়গা পেয়েছেন উয়েফার বর্ষসেরা একাদশে। বাকি দুজন হলেন রিয়ালের ডিফেন্ডার সার্জিও রামোস ও মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।
এ ছাড়া বাকি তিনজনের দুজন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের- গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও ডিফেন্ডার ডেভিড আলবা। আর ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’ থেকে জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবা।
উয়েফার বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার।
ডিফেন্ডার: ডেভিড আলবা, সার্জিও রামোস, দানি আলভেজ ও জেরার্ড পিকে।
মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা, হামেস রদ্রিগেজ ও পল পগবা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো।